১৪ ইউপিতে আ.লীগ ও তিনটিতে 'বিদ্রোহী' প্রার্থীরা জয়ী
ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে গত মঙ্গলবার মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১০ ইউপির সব কটিতে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। এ ছাড়া ঢাকার দোহার উপজেলার পাঁচ ইউপির দুটিতে আওয়ামী লীগের ও তিনটিতে দলের ‘বিদ্রোহী’ প্রার্থী জয়ী হয়েছেন। নরসিংদীর পলাশে দুই ইউপিতেই আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হন।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
মুন্সিগঞ্জ: জেলার সিরাজদিখান উপজেলায় আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীরা হলেন মালখানগর ইউপিতে সানজিদা আক্তার, ইছাপুরায় আবদুল মতিন হাওলাদার, মধ্যপাড়ায় করিম শেখ, রশুনিয়ায় ইকবাল হোসেন চোকদার, বালুচরে আবু বক্কর সিদ্দিক, লতব্দিতে সোহরাব হোসেন, বয়রাগাদিতে আলাউদ্দিন গাজী, বাসাইলে সাইফুল ইসলাম ও কোলায় মীর লিয়াকত আলী। এর আগে জৈনসার ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. রফিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কেরানীগঞ্জ (ঢাকা): দোহার উপজেলার কুসুমহাটি ইউপিতে আওয়ামী লীগের আমজাদ হোসেন ও মুকসুদপুরে এম এ হান্নান জয়ী হয়েছেন। এ ছাড়া জয়ী হওয়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন বিলাশপুর ইউপির আলাউদ্দিন মোল্লা, নারিশার সালাহউদ্দিন দরানী ও নয়াবাড়ির শামীম আহমেদ।
নরসিংদী: জেলার পলাশে ডাংগা ইউনিয়নে আওয়ামী লীগের সাবেরুল হাই ও গজারিয়ায় মো. বদরুজ্জামান নির্বাচিত হন।