১৪ একর খাসজমি পুলিশের দখলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল জেলা প্রশাসকের প্রায় ১৪ একর খাসজমি বেহাত হয়েছে। পুলিশ এই জমি অবৈধভাবে দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। পৌরসভার ৬৩ নম্বর নড়াইল মৌজার ওই জমিতে পাকা, আধাপাকা বাণিজ্যিক ভবন নির্মাণ করে বন্দোবস্ত দেওয়া হয়েছে। পুলিশ সুপার অবশ্য এ ধরনের অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি কর্মস্থলে যোগদানের পর থেকে কোনো খাসজমি অবৈধভাবে পুলিশ দখল করেনি। হুকুমদখলের মাধ্যমে পুলিশলাইনের নিরাপত্তার স্বার্থে যে জমি দেওয়া হয়েছিল সেটুকুই ভোগদখল করে আসছে। সরকারি নিয়ম ও বিধি: জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে সরকারের জারি করা অকৃষি, খাসজমি নীতিমালা বিধানমোতাবেক, কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের সরকারি জমি গ্রহণের প্রয়োজন হলে জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের অনুমোদনসাপেক্ষে ধার্য করা সেলামি পরিশোধ করতে হয়। নড়াইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়ারুল ইসলাম জানান, পুলিশের অনুকূলে অবৈধ দখলীয় জমি উদ্ধারে কয়েকবার পদক্ষেপ নিয়েও ব্যর্থ হয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।দখল করা জমিতে পুলিশলাইন ক্যান্টিন ও পুলিশ ফাঁড়ি মার্কেট নির্মাণ করা হয়েছে। পুকুর, বিভিন্ন বনজ ও ফলদ বাগান ধ্বংস করে সেখানে মার্কেট নির্মাণ করা হয়েছে। নড়াইল পৌরসভার সাবেক কমিশনার খান কবির দোকানের ভাড়া তোলেন। খান কবির বলেন, প্রায় ১৪ বছর আগে তৎকালীন পুলিশ সুপার কার্যালয় থেকে ভাড়াভিত্তিক ওই জমি বন্দোবস্ত নিয়ে নিজ খরচে মার্কেট নির্মাণ করি। ঝিল ও পচা পুকুর বন্দোবস্ত: ১০৯৮ দাগে এক একর ৩০ শতাংশ জমির ওপর বড় ঝিল পুকুর এবং ১১১১ ও ১১১২ দুই দাগে মোট ৯৩ শতাংশ জমি নিয়ে পচা পুকুর। জানা গেছে, বছরে ৩০ হাজার টাকা চুক্তিতে পুকুর দুটি যশোরের চাচড়া এলাকার একজন ঘের ব্যবসায়ীকে বন্দোবস্ত দেওয়া হয়েছে। জেলা দুর্নীতি দমন বিভাগের সভাপতি মুন্সি হাফিজুর রহমান বলেন, নড়াইলের কতিপয় ভূমিদস্যু প্রশাসনের ছত্রচ্ছায়ায় থেকে তৎকালীন জমিদারসহ বনেদি হিন্দু পরিবারের রেখে যাওয়া অনেক সম্পত্তি (যা বর্তমানে অর্পিত সম্পত্তি হিসেবে চিহ্নিত) ভোগদখল করে আসছে। আইনি ব্যবস্থা নেওয়া উচিত। জেলা প্রশাসক মো. জহুরুল হক বলেন, খাসজমির অবৈধ দখল হস্তান্তরের জন্য পুলিশ বিভাগকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। দুঃখজনক হলেও সত্য, জমির অবৈধ দখল হস্তান্তর হয়নি। এমনকি চিঠিরও কোনো জবাব পাওয়া যায়নি। পুলিশ সুপার এস এম ফজলুর রহমান বলেন, অতীতে কী হয়েছে জানা নেই। পুলিশলাইনের নিরাপত্তার স্বার্থে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, যদি অবৈধভাবে কোনো জমি দখল করা হয়ে থাকে, খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।