১৪ কিমিতে ১৪ গতিরোধক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর-ঢাকা মহাসড়কে জেলা শহরের নিউ টাউন ট্রাক টার্মিনাল থেকে বাঘারপাড়া উপজেলার খাজুরা পর্যন্ত ১৪ কিলোমিটার রাস্তায় ১৪টি গতিরোধক নির্মাণ করা হয়েছে। এর একটিতেও ব্যবহার করা হয়নি সতর্কতামূলক চিহ্ন। এ কারণে এখানে গত দুই বছরে শতাধিক দুর্ঘটনায় ২০ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে শতাধিক।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্দেশ উপেক্ষা করে গতিরোধকগুলো স্থাপন করা হয়েছে। এ বিষয়ে ২৭ জানুয়ারি সওজ যশোরের উপবিভাগীয় প্রকৌশলীর দপ্তরে একটি চিঠি পাঠানো হয়। সওজ খুলনা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবদুল কুদ্দুস স্বাক্ষরিত এ চিঠিতে উল্লেখ করা হয়েছে, নিরাপদে ও নিরবচ্ছিন্নভাবে যানবাহন চলাচলের স্বার্থে ক্ষতিগ্রস্ত সেতু-কালভার্ট, রেলক্রসিং, বিশ্ববিদ্যালয় এবং সেনানিবাস ছাড়া সড়কের অন্যান্য স্থান থেকে গতিরোধক অপসারণ করতে হবে। যানবাহনের গতি কমানোর জন্য সড়কে গতিসীমা চিহ্ন (স্পিড লিমিট মার্কিং) ও সতর্কতামূলক সংকেত স্থাপন করা জরুরি। সব ক্ষেত্রে উজ্জ্বল রং দ্বারা সতর্ক চিহ্ন দিতে হবে।সওজ যশোর কার্যালয়ের চিঠি আসার ছয় মাসের মধ্যেও এ নির্দেশ কার্যকর করা হয়নি, বরং আরও কয়েকটি গতিরোধক স্থাপন করা হয়েছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের বাঘারপাড়ার উপজেলার খাজুরা পেট্রলপাম্প, খাজুরা ও লেবুতলা বাজারের মধ্যে দূরত্ব ২০০ গজের মতো। এ অংশে ছয়টি গতিরোধক নির্মাণ করা হয়েছে। সড়কের মনোহরপুর, হাসিমপুর ও বাহাদুরপুর বাজার এবং শহরের নিউ টাউন ট্রাক টার্মিনালের দুই পাশে দুটি করে মোট আটটি গতিরোধক স্থাপন করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, আট মাস আগে খাজুরা পেট্রলপাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় একজন মারা যায়। তখন স্থানীয় লোকজন সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুর করে পাম্পের দুই পাশে গতিরোধক বসানোর দাবিতে বিক্ষোভ করে। এ সময় সওজ কর্তৃপক্ষ দুটি গতিরোধক বসিয়ে দেয়। স্থানীয় চায়ের দোকানদার সালাউদ্দীন জানান, গতিরোধক নির্মাণ করা হলেও সড়কে রং দিয়ে কোনো সতর্কতা সংকেত এঁকে দেওয়া হয়নি। ছয় মাস আগে এক রাতে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান এই গতিরোধকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। এ ছাড়া এ অংশে বিভিন্ন সময়ে দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।আলমসাধুর চালক মুরাদ হোসেন বলেন, গতিরোধকগুলো এমন খাড়াভাবে স্থাপন করা হয়েছে, যা পারাপারের সময় গাড়ির যন্ত্রাংশ ভেঙে যায়। গাড়ির গতি একটু বেশি থাকলে অনেক সময় উল্টেও যায়।সওজ যশোরের উপবিভাগীয় প্রকৌশলী এস এম মোয়াজ্জেম হোসেন বলেন, ‘কোথাও সড়ক দুর্ঘটনা ঘটলেই গতিরোধক নির্মাণের জন্য স্থানীয় লোকজন আন্দোলন শুরু করে। তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ডিসি বা এসপি সাহেবরা ঘটনাস্থলে এসে গতিরোধক নির্মাণের আশ্বাস দেন। এ কারণে নিয়ম না থাকলেও আমরা তা নির্মাণ করতে বাধ্য হই।’গতিরোধকের সতর্কতা চিহ্ন না থাকার বিষয়ে মোয়াজ্জেম হোসেন বলেন, ‘নিয়মবহির্ভূতভাবে সড়কে অধিকাংশ গতিরোধক বসাতে আমরা বাধ্য হয়েছি। এগুলো রক্ষণাবেক্ষণের জন্য অর্থ সরবরাহ করা হয় না। এতে সব গতিরোধকে রং দিয়ে সতর্কতামূলক চিহ্ন দেওয়া সম্ভব হয়নি।’