১৪ কিলোমিটার বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে কুষ্টিয়ার কুমারখালী থেকে খোকসা উপজেলার শেষ সীমানা পর্যন্ত অসংখ্য ফাটল ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে মালবাহী ও যাত্রীবাহী যানবাহনের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
জানতে চাইলে কুষ্টিয়া সওজের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার প্রথম আলোকে বলেন, এই আঞ্চলিক মহাসড়কে প্রতিদিন ৫০-এর অধিক পাথরবাহী ও কাভার্ড ভ্যানের মতো ভারী যানবাহন চলছে। যা এই সড়কের জন্য উপযোগী নয়। এটা বন্ধ না হলে কোনোভাবেই সড়ক টেকানো সম্ভব নয়।
সওজ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের প্রায় ২৭ কিলোমিটার কুষ্টিয়া অংশে পড়েছে। যা কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকা থেকে শুরু হয়ে কুমারখালী ও খোকসা উপজেলার শেষ প্রান্তে রাজবাড়ীর আলেকদিয়ায় শেষ হয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ আশপাশের কয়েকটি জেলার হালকা ও ভারী কয়েক হাজার যানবাহন চলাচল করে। সম্প্রতি এ সড়ক দিয়ে পদ্মা সেতুর কাজের জন্য পাথরবাহী বড় ট্রাক চলাচল করছে। কিন্তু ওই সড়কের প্রস্থ ১৮ ফুট, যাতে ভারী যানবাহন চলাচল করার অনুমতি নেই।
সওজ সূত্রে আরও জানা গেছে, এই ২৭ কিলোমিটার সড়কের মধ্যে ২০১০-১১ অর্থবছরে সর্বশেষ কুষ্টিয়া চৌড়হাস এলাকা থেকে কুমারখালী বাসস্ট্যান্ড পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়েছে। বাকি ১৪ কিলোমিটার সড়কে দীর্ঘ ১০ বছরের মধ্যে কোনো কাজ করা হয়নি। এতে ওই ১৪ কিলোমিটার অংশ খানাখন্দে ভরে গেছে।
সরেজমিন গত বুধবার কুমারখালী ও খোকসা উপজেলা ঘুরে দেখা যায়, কুমারখালীর এলেঙ্গী রেলগেট, দুর্গাপুর, কাজীপাড়া, বাসস্ট্যান্ড এলাকা, তরুণ মোড়, জিলাপীতলা, হাসিমপুর, মোড়াগাছা, হেলালপুর, থানা মোড় ও শিয়ালডাঙ্গী এলাকার ১৪ কিলোমিটার সড়ক খানাখন্দে ভরা। ভারী যানবাহন চলাচল করায় সড়কের ওপরের অংশের ছোট পাথর উঠে সড়কের পাশে জড়ো হয়ে আছে।
এই সড়কে প্রতিদিন চলাচল করেন কুমারখালী লালন শাহ পরিবহনের চালক আশরাফ আলী। তিনি বলেন, ১০ মিনিটের পথ ৪০ মিনিটে যেতে হয়। ধীরগতিতে গাড়ি চালাতে হয়। আলগা পাথরের কারণে ব্রেক করলেও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার আতঙ্কের মধ্যে থাকতে হয়।
কুষ্টিয়া সওজের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার প্রথম আলোকে বলেন, ২৭ কিলোমিটার সড়কের ওভার লে সংস্কারকাজের জন্য ২৬ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব গত ১০ নভেম্বর মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।