>দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্পদিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

ফরিদপুর পৌরসভার ২১টি সড়কের প্রায় ১৪ কিলোমিটারে পিচ উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দের। এবড়োখেবড়ো এসব সড়কে হালকা যানবাহন চলাচলেরও অনুপযোগী হয়ে পড়েছে। কোনো কোনো অংশে রিকশাও চলে না। এমনকি স্থানীয় লোকজন হেঁটে যেতেও ভোগান্তির শিকার হচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, শহরের চর কমলাপুর মহল্লায় রামকৃষ্ণ মিশনের সামনে থেকে মুক্তিযোদ্ধা কাজী সালাহউদ্দিন সড়কটির প্রায় এক কিলোমিটার অংশ ভাঙাচোরা। এত বেশি খানাখন্দ যে যান চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, অন্তত চার বছর ধরে এ সড়কের সংস্কার হয় না। এই এলাকার একটি ছাত্রাবাসে থাকেন সরকারি ইয়াছিন কলেজের ছাত্র জহির হোসেন। তিনি বলেন, এ সড়ক দিয়ে সাইকেল চালিয়ে যাওয়া দুরূহ। ঝাঁকুনিতে সিট থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়।
ঝিলটুলী মহল্লার প্রায় আধা কিলোমিটার সড়কের পুরোটাই ভাঙাচোরা। ঝিলটুলীর পিয়ন কলোনির পাশ দিয়ে আবহাওয়া অফিস পর্যন্ত সড়কটির আধা কিলোমিটারে অসংখ্য গর্ত। এলাকার দোকানদার নজরুল ইসলাম বলেন, ১০ বছর ধরে এ সড়ক সংস্কার হয়নি। কমলাপুরের বটতলা সড়কের দুটি জায়গায় প্রায় এক কিলোমিটার খানাখন্দে ভরা। এলাকার ছাত্রী দিবা আক্তার বলেন, ‘রিকশায় যাওয়া তো দূরের কথা, রাস্তা দিয়া হাঁটাও যায় না।’
একই এলাকার ফজলের দোকান থেকে নূরুর দোকান পর্যন্ত সড়কটির আধা কিলোমিটার, মাওলানা আবদুল আলী সড়কের শুরু থেকে প্রায় এক কিলোমিটার, কানিজ সড়কের শুরু থেকে প্রায় আধা কিলোমিটার অংশ যান চলাচলের অনুপযোগী।
গোয়ালচামটের মোল্লাবাড়ি সড়কের এক কিলোমিটার, সুফি আবদুল বারি সড়কের শুরু থেকে আধা কিলোমিটার অংশ ভাঙাচোরা। লাহেরি পাড়ার সড়কের প্রায় আধা কিলোমিটার অংশের অবস্থা খুবই খারাপ। গোয়ালচামট ২ নম্বর সড়কের ইসলামিয়া মহিলা মাদ্রাসা পর্যন্ত এক কিলোমিটার রাস্তা গর্তে ভরা।
ফরিদপুর পৌরসভা ১৮৬৯ সালে প্রতিষ্ঠা করা হয়। এটি প্রথম শ্রেণির পৌরসভা। পৌরসভার পরিসংখ্যান অনুযায়ী, মোট সড়ক রয়েছে ৪৫১টি। দৈর্ঘ্য ১৯৭ দশমিক ১৫ কিলোমিটার। এর মধ্যে ৯৯ কিলোমিটার পিচ করা, ১৮ কিলোমিটার আরসিসি ঢালাই করা, ১০ দশমিক ১৫ কিলোমিটার শুধু ইট বিছানো এবং ৭০ কিলোমিটার কাঁচা।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাওসার আলী বলেন, শহরের অলি-গলিতে বেশ কিছু রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তবে মোট সড়কের তুলনায় তা খুবই কম। শিগগির এসব সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। পৌর মেয়র শেখ মাহাতার আলী বলেন, ‘আমরা উন্নয়ন ও সড়ক সংস্কার করছি। তারপরও কিছু কিছু সড়কের সমস্যা আছে। দ্রুত তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পৌরসভার কোনো সড়ক ১০ বছর ধরে সংস্কার করা হয়নি, এমনটি হওয়ার কথা নয়। মানুষ অভিযোগ করার সময় একটু বাড়িয়ে বলে।’