১৪ কিলোমিটার খানাখন্দে ভরা, সীমাহীন দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলার ট্যাঙ্গনমারী থেকে কিশোরগঞ্জ হয়ে মাগুরা মোড় পর্যন্ত ১৪ কিলোমিটার সড়ক খানাখন্দে ভরা। ফলে ওই পথের যাত্রীরা সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে। কিশোরগঞ্জ উপজেলা সদরের উত্তর পুশনা গ্রামের স্কুলশিক্ষক আ. ছালেক বলেন, সড়কের যে অবস্থা তাতে চলাচল করা যায় না। এখন ভাঙা রাস্তার কারণে বাস চলাচল কম করে। ভ্যান, রিকশা, ইজিবাইক, মোটরসাইকেল আর ভটভটি হচ্ছে আমাদের ভরসা। কিন্তু ভাঙা রাস্তার কারণে এগুলোতে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।সরেজমিনে দেখা গেছে, ট্যাঙ্গনমারী-কিশোরগঞ্জ-মাগুরা ১৪ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দ। বেশির ভাগ জায়গায় সড়কের পিচ নষ্ট হয়ে গেছে। কোনো গাড়ি গেলে ধুলায় ভরে যায়। এলাকাবাসী জানান, কিশোরগঞ্জ শহর থেকে নীলফামারী জেলা সদর ও রংপুরে যাতায়াতের এটিই একমাত্র সড়ক। নীলফামারী থেকে কিশোরগঞ্জের ওপর দিয়ে নীলফামারী ও রংপুরের যাত্রীবাহী বাস এই রাস্তায় চলাচল করে। এ ছাড়া জলঢাকার মীরগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত চলাচল করছে কয়েকটি দূরপাল্লার কোচ। ভাঙা রাস্তার কারণে ওই বাসগুলো সময়মতো গন্তব্যে চলাচল করতে পারছে না। ট্রাকগুলো পণ্য পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করছে। কিশোরগঞ্জ-মাগুরা সড়কের পাশে অবস্থিত শহীদ শরিফুল ইসলাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী বলেন, প্রায় তিন বছর আগে রাস্তাটা একবার সংস্কার করলেও কাজ ভালো না হওয়ায় অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে গেছে। এখন এই এলাকার ছেলেমেয়েরা ভ্যান, রিকশা অথবা ভটভটিতে করে উপজেলা শহরের স্কুল-কলেজে যাওয়া-আসা করছে। পরীক্ষার সময় নির্ধারিত সময়ের অনেক আগে তাদের রওনা দিতে হচ্ছে। এ পথে একবার কেউ এলে আর আসতে চাইবে না।কিশোরগঞ্জ উপজেলা প্রকৌশলী ফিরোজ হাসান বলেন, কিশোরগঞ্জ উপজেলা শহরের পেট্রলপাম্প এলাকা থেকে মাগুরা মোড় পর্যন্ত সাত কিলোমিটার রাস্তা এলজিইডি এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগ উভয়ের নামে আছে। এ কারণে সেখানে কাজ করা যাচ্ছে না। প্রায় তিন বছর আগে সওজ বিভাগ এ সড়কটি সংস্কার করেছিল। আর কিশোরগঞ্জ থেকে ট্যাঙ্গনমারী পর্যন্ত সাত কিলোমিটার সড়কও সওজের।নীলফামারী সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম খান বলেন, ‘ট্যাঙ্গনমারী থেকে কিশোরগঞ্জ সাত কিলোমিটার সড়কের দরপত্র প্রক্রিয়া শেষ হয়েছে। ৬৭ লাখ টাকা ব্যয়ে কাজটি খুব দ্রুত শুরু করা হবে। এ ছাড়া কিশোরগঞ্জ থেকে মাগুরা মোড় পর্যন্ত সাত কিলোমিটার সড়কের মালিকানা নিয়ে জটিলতা থাকায় আমরা সেখানে কাজ করতে পারছি না। তবে এটুকু সড়ক সংস্কারের জন্য ৫০ লাখ টাকার প্রস্তাবনা পাঠানো হয়েছে।’