বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের বরিশাল অংশের ১৪ কিলোমিটার সংস্কার না করায় বড় বড় গর্ত ও খানাখন্দে ভরে গেছে। অনেক স্থানে পাথর-বিটুমিন উঠে ইট বের হয়ে গেছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী দূরপাল্লার ট্রাক। প্রায়ই ঘটছে দুর্ঘটনা।ট্রাকচালক মো. আহসানউল্লাহ জানান, খুলনা থেকে লক্ষ্মীপুর যাওয়ার পথে সবচেয়ে খারাপ সড়ক বরিশাল-ভোলা অংশ। ৩০ মিনিটের পথ পার হতে দুই ঘণ্টা সময় লাগে। ট্রাকচালক ফরিদ হোসেন জানান, ওই সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী। বরিশাল থেকে লাহারহাট ফেরিঘাট পর্যন্ত অনেক স্থানে রাস্তার অস্তিত্ব বোঝাই যায় না। একই ধরনের কথা জানান যশোরের ট্রাকচালক মো. জসিমউদ্দিন, চট্টগ্রামের ট্রাকচালক সোহরাব হোসেনসহ কয়েকজন। তাঁরা জানান, সড়ক মেরামতের জন্য ট্রাক শ্রমিক ইউনিয়নকে একাধিকবার বলা হয়েছে। তবে সড়ক সংস্কারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।এ ব্যাপারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বরিশালের নির্বাহী প্রকৌশলী শাহ মো. শামস মোকাদ্দেস প্রথম আলোকে জানান, বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর সড়কের বরিশাল অংশের সংস্কারকাজের দরপত্র শেষ হয়েছে। ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে। বর্ষার কারণে ঠিকাদার কাজ শুরু করছেন না। বর্ষা শেষে কাজ শুরু হবে।সরেজমিনে দেখা গেছে, বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর-চট্টগ্রাম সড়কের বরিশালের চরকউয়া থেকে লাহারহাট ফেরিঘাট পর্যন্ত সড়কের অবস্থা খুবই খারাপ। অধিকাংশ স্থানের বিটুমিন উঠে গেছে। বড় বড় গর্ত হওয়ায় যাত্রীবাহী বাস ও দূরপাল্লার পণ্যবাহী ট্রাক চলতে গিয়ে বেশ ঝুঁকির মধ্যে পড়ছে।জানা গেছে, গত বুধবার রাতে খুলনা থেকে পণ্য নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে সড়কে দুটি ট্রাকের চাকা দেবে যায়। এ কারণে ১২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় দুই প্রান্তে কয়েক শ পণ্যবাহী গাড়ি আটকা পড়ে। চালকেরা জানান, সড়কে বড় বড় গর্ত হওয়ায় প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে।বাসযাত্রী ইয়াকুব আলী খান জানান, বরিশাল থেকে ভোলা পর্যন্ত সড়কপথে যেতে শরীর ব্যথা হয়ে যায়। ভাঙাচোরা রাস্তায় জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে। অন্য যাত্রী আতিকুর রহমান বলেন, ‘সড়ক তো নয়, যেন মরণফাঁদ। এই সড়ক দেখভাল করার জন্য কেউ আছে কি না, জানি না।’