১৪ কোটি টাকা নিয়ে ব্যবসায়ী উধাও
কিশোরগঞ্জের ভৈরবে ব্যবসায়ীদের প্রায় ১৪ কোটি টাকা নিয়ে রতন কুমার পোদ্দার নামের এক ব্যবসায়ী উধাও হয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাওনাদারেরা ভৈরব থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।পাওনাদার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রতন কুমার পোদ্দারের পৈতৃক বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার পোদ্দারপাড়ায়। দেশ স্বাধীন হওয়ার আগ থেকে তিনি ভৈরবে বসবাস করছেন। মা কালী ট্রেডার্স নামে তাঁর একটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে। আমদানি-রপ্তানি ব্যবসা ছাড়াও তিনি একাধিক সারের ডিলার। ব্যবসায়ী হিসেবে ভৈরব বাজারে সুনাম থাকায় তাঁর সঙ্গে ব্যবসায়িক লেনদেন করেন স্থানীয় অনেক ব্যবসায়ী। পবিত্র রমজান উপলক্ষে চিনিসহ অন্যান্য পণ্য আমদানির কথা বলে রতন কুমার সম্প্রতি প্রায় ২০ জন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৪ কোটি টাকা নেন। গত বৃহস্পতিবার বিকেল থেকে তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না। মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িও তালাবদ্ধ। পরিবারের অন্য সদস্যদেরও কোনো হদিস নেই। ভৈরব বাজারের সততা ট্রেডার্সের মালিক ফারুক আহমেদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘ব্যবসায়ী সমাজে রতন কুমারের সুনাম ছিল। লেনদেন ভালো। এই কারণে চাওয়ামাত্র তিনি ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা পেতেন।রমজান উপলক্ষে চিনি আমদানির কথা বলে কিছুদিন আগে আমার কাছ থেকে ৫১ লাখ টাকা নিয়েছেন। বিষয়টি আমি থানায় লিখিতভাবে জানিয়েছি।’ আশরাফুল আলম নামের এক সার ব্যবসায়ী বলেন, ‘একই কথা বলে রতন কুমার আমার কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছেন।’ মনির হোসেন নামের আরেক ব্যবসায়ী জানান, ব্যবসার জন্য তিনি ৩০ লাখ টাকা দিয়েছেন। অভিযোগ বিষয়ে জানতে চেষ্টা করেও রতন কুমার পোদ্দারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর ব্যবহূত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। ভৈরব বাজারের কালীবাড়ি লেনের মা কালী ট্রেডার্স ও বাজারে তাঁর বাসাবাড়িও ছিল তালাবদ্ধ।ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির ব্যবসায়ীদের লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, রতন কুমারকে খোঁজ করা হচ্ছে।