১৪ কোটি টাকার কাজের শিডিউল কিনতে বাধা!
ঝিনাইদহের ছয়টি উপজেলায় উন্নয়ন প্রকল্পের ৪৬টি গ্রুপের প্রায় ১৪ কোটি টাকার কাজের দরপত্রের শিডিউল কিনতে সাধারণ ঠিকাদারদের বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগের কয়েকজন নেতা একযোগে সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে পাহারা বসিয়ে সাধারণ ঠিকাদারদের শিডিউল কিনতে বাধা দেন। পরে তাঁরা তাঁদের নির্ধারিত কিছু ঠিকাদারের নামে শিডিউল কেনেন বলে জানা গেছে। এদিকে বারবার চেষ্টা করেও শিডিউল কিনতে না পেরে গত রোববার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জেলার মহেশপুর উপজেলা প্রকৌশলীর দপ্তরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামীদ তালা ঝুলিয়ে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার জানান, সম্প্রতি এলাকার উন্নয়নমূলক কাজের জন্য প্রায় ১৪ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে রাস্তা উন্নয়নের কাজও রয়েছে। গতকাল সোমবার ছিল শিডিউল কেনার শেষ দিন। কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন, এক সপ্তাহ ধরে তাঁরা শিডিউল কিনতে সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে যান। কিন্তু তাঁদের কোনো শিডিউল দেওয়া হয়নি।সদর উপজেলা পরিষদে গিয়ে শিডিউল কিনতে পারেননি অভিযোগ করে একজন ঠিকাদার জানান, প্রায় ১৪ কোটি টাকার কাজ ভাগাভাগি করতে জেলা শহরে আওয়ামী লীগের লোকজন বেশ কয়েকটি সভা করেছে। উপজেলা পর্যায়ের নেতারাও এই বৈঠকে হাজির হন। এ ছাড়া বৈঠক হয় এলজিইডির কর্মকর্তাদের সঙ্গে। তারপর জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাহী প্রকৌশলীর দপ্তর ও এলজিইডির ছয় উপজেলা দপ্তরে শিডিউল পাঠানোর কথা থাকলেও সময়মতো তা পাঠানো হয়নি। ঠিকাদারেরা বারবার দপ্তরগুলোতে শিডিউল কিনতে গিয়ে শূন্য হাতে ফিরে এসেছেন। এর আগে শিডিউল না কিনতে ঠিকাদারদের হুমকিও দেওয়া হয়। তাই উপজেলাগুলোতে শিডিউল বিক্রি হয়েছে খুব কম।এলজিইডির ঝিনাইদহ কার্যালয়ের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, বিভিন্ন দপ্তরে কয়টি শিডিউল বিক্রি হয়েছে তা মঙ্গলবার (আজ) বলা যাবে।জানা গেছে, জেলার কালীগঞ্জ এলজিইডি দপ্তরে ছয়টি গ্রুপে মাত্র ১৮টি শিডিউল বিক্রি হয়েছে। অর্থাৎ প্রতিটি গ্রুপে তিনটি করে শিডিউল বিক্রি হয়েছে। একইভাবে মহেশপুরে বিক্রি হয়েছে ছয়টি গ্রুপে ১৯টি শিডিউল।মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ জানান, গত রোববার পর্যন্ত ঠিকাদারেরা উপজেলা প্রকৌশলী শহিদুল হকের কাছ থেকে শিডিউল চেয়ে পাননি। এ ব্যাপারে তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, জেলা অফিস থেকে শিডিউল এসে পৌঁছায়নি। এলে খবর দেওয়া হবে। চেয়ারম্যান ময়জদ্দীন জানান, শহিদুল হকের কথা অনুযায়ী ঠিকাদারেরা গত রোববার তাঁর কার্যালয়ে অপেক্ষা করেন। কিন্তু শহিদুল কোনো খবর না দিয়েই তাঁর কার্যালয় বন্ধ করে চলে যান। এরপর তিনি (ময়জদ্দীন) প্রকৌশলীর কার্যালয়ে তালা লাগিয়ে দেন। চেয়ারম্যান জানান, বিষয়টির প্রতিকার চেয়ে গতকাল তিনি প্রধানমন্ত্রী বরাবর লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শহিদুল হকের বক্তব্য পাওয়া যায়নি। গতকাল তিনি কার্যালয়ে যাননি। তাঁর ব্যক্তিগত মুঠোফোনটিও বন্ধ পাওয়া গেছে। যোগাযোগ করা হলে এলজিইডি ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী মো. তামজিদ সরওয়ার জানান, তাঁরা সব কার্যালয়ে ঠিক সময়ে শিডিউল পাঠিয়েছেন। এ ছাড়া পুলিশ পাহারার ব্যবস্থাও করেছেন। এরপরও কোনো ঠিকাদার শিডিউল কিনতে না পারলে তাঁদের কী করার আছে। তা ছাড়া দপ্তরের বাইরে কিছু হলে তাঁরা কী করবেন।