১৪ গণশৌচাগারের ১১টিই অনুপযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের বিভিন্ন জনবহুল এলাকায় স্থাপিত খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ১৪ গণশৌচাগারের মধ্যে ১১টিই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ইজারা দেওয়া তিনটি মোটামুটি ব্যবহারের উপযোগী।কেসিসির সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ৪৫ দশমিক ৬৫ বর্গকিলোমিটারের মহানগর খুলনার ১৫ লাখ মানুষের সুবিধার্থে বিভিন্ন সময় নগরের জনবহুল এলাকায় ১৪টি গণশৌচাগার স্থাপন করা হয়। নগরের সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল, দৌলতপুর বাজার এলাকা, খালিশপুর পৌর সুপারমার্কেট এলাকা, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক, ওয়াসা কার্যালয়ের পাশে, শেখপাড়া বাজার এলাকা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকা, মিস্ত্রিপাড়া বাজার এলাকা, রূপসা ফেরিঘাট এলাকা, ১ নম্বর কাস্টমঘাট, বয়রা বাজার এলাকা, জোড়াগেট পাইকারি বাজার এলাকা ও রায়ের মহল বাজার এলাকায় শৌচাগার স্থাপন করা হয়।সরেজমিনে দেখা গেছে, ১১টির মধ্যে বেশির ভাগ শৌচাগারেই পানি নেই। সিটকিনি তো দূরের কথা, কোনোটার দরজা অর্ধেক ভাঙা এবং সিলিংয়ের পলেস্তারা খসে পড়ছে। দেয়ালে ফাটল ও শ্যাওলা জমে স্যাঁতসেঁতে ভাব দেখা দিয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন না করায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।কেসিসির এস্টেট শাখার কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানান, সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল, দৌলতপুর বাসস্ট্যান্ড ও খালিশপুর পৌর সুপারমার্কেটের শৌচাগার ইজারা দেওয়া হয়েছে। বাকিগুলোর বিজ্ঞপ্তি দিয়েও ইজারাদার পাওয়া যায়নি। এগুলোর মধ্যে কয়েকটি কেসিসি সরাসরি নিজের লোক দিয়ে চালাচ্ছে। কয়েকটি বাজারের ব্যবসায়ীরা চালাচ্ছেন। ওয়াসার পাশের এবং রূপসা ফেরিঘাটের শৌচাগার দুটি ভেঙে পড়েছে। এ দুটির সংস্কারের প্রক্রিয়া শুরু হয়েছে।খুলনা উন্নয়ন কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান বলেন, খুলনার লোকসংখ্যা প্রায় ১৫ লাখ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ বাণিজ্য শহর। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসছে। এখানে অনেক গণশৌচাগার প্রয়োজন। এটা প্রয়োজনের তুলনায় একেবারেই কম।