১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল শুরু
বৈরী আবহাওয়ার কারণে প্রায় ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর আজ রোববার সকাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ ছিল এই রুটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে পদ্মা ও যমুনা নদী উত্তাল হয়ে ওঠে। গতকাল সারা দিন ঝুঁকি নিয়ে বড় লঞ্চ চললেও সন্ধ্যা ছয়টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজীর হাট নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় ওই রুটের যাত্রীদের লঞ্চের পরিবর্তে ফেরিতে নদী পার হওয়ার পরামর্শ দেওয়া হয়।
প্রায় ১৪ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে আজ সকাল আটটার দিকে এই দুই নৌপথে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়। তবে আবহাওয়া আরও খারাপ হলে পুনরায় লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে বলে জানান তিনি।