১৪ ঘণ্টা পর নিভল মিয়া আমান উল্লাহ টাওয়ারের আগুন
প্রায় সাড়ে ১৪ ঘণ্টা পর রাজধানী মতিঝিলের আমান উল্লাহ টাওয়ারের আগুন নিভেছে। আজ রোববার ভোর পাঁচটা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা আটতলা ওই ভবনটির আগুন নেভাতে সক্ষম হন।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের অপারেটর ফরিদ উদ্দিনের ভাষ্য, গতকাল শনিবার বিকেল তিনটা ২২ মিনিটে দিলকুশা বাণিজ্যিক এলাকায় ওই ভবনটির দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় সাড়ে ১৪ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো হয়।
ফরিদ উদ্দিনের ভাষ্য, গতকাল শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ওই ভবনে লোকজন ছিলেন না। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পাঁচ সদস্যসের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভবনের দোতলায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসিএল) নামের একটি প্রতিষ্ঠানের কার্যালয়। ওই ভবনে এ কার্যালয় ছাড়াও বেশ কয়েকটি ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। আগুন ছড়িয়ে ওপরের কয়েক তলায় স্পর্শ করে।
ওই ভবনের এক কর্মকর্তা জাফর ইকবাল প্রথম আলোকে বলেন, দোতলার কার্যালয়টি ছয় হাজার ২০০ বর্গফুট নিয়ে তৈরি।