পদ্মার ডুবোচরে গত সোমবার নয়টি ফেরি আটকা পড়ে। এতে ঢাকা-খুলনা মহাসড়কের কাওড়াকান্দি-মাওয়া নৌপথে প্রায় ১৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। ফলে উভয় ঘাটে যাত্রী ও পণ্যবাহী প্রায় দেড় হাজার যান আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।এদিকে কাওড়াকান্দি-মাওয়া ঘাটে যানজটের প্রভাব পড়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের ওপর। ওই নৌপথের কিছু গাড়ি দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট দিয়ে পারাপারের জন্য আসায় এ পথে যানবাহনের বাড়তি চাপ পড়েছে। এতে শুধু দৌলতদিয়া ঘাটেই ৪০০ যানবাহন আটকা পড়েছে।বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ ও ফেরিচালকেরা জানান, গত সোমবার রাত থেকে নয়টি ফেরি ৩০০ গাড়ি নিয়ে হাজরা টার্নিং পয়েন্টের কাউনিয়ায় গতকাল সকাল পর্যন্ত আটকে থাকে। এতে সোমবার রাত আটটা থেকে গতকাল সকাল ১০টা পর্যন্ত ১৪ ঘণ্টা মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে আইটি জাহাজ দিয়ে গতকাল সকাল ১০টার দিকে ফেরিগুলোর চলাচল স্বাভাবিক করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ফেরিচালক বলেন, কাওড়াকান্দি-মাওয়া পথে ড্রেজিং করার জন্য বেশ কিছুদিন ধরে পাঁচটি ড্রেজার আনা হয়েছে। এর মধ্যে একটিমাত্র ড্রেজার দিয়ে খননকাজ চলছে। বাকি চারটি ড্রেজার অলস পড়ে আছে। শিগগির কাওড়াকান্দি-মাওয়ায় খননকাজ করা না হলে যেকোনো সময় স্থায়ীভাবে ফেরি চলাচল বন্ধ হয়ে যাবে।বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মো. আশিকুজ্জামান বলেন, ডুবোচরে নয়টি ফেরি আটকে থাকায় ফেরি চলাচল বন্ধ ছিল। উদ্ধারকারী আইটি জাহাজ দিয়ে আটকে যাওয়া ফেরিগুলো সচল করা হয়।বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মাসুকুল আলম বলেন, মাওয়া ফেরিঘাটের কাছাকাছি তিনটি ড্রেজার দিয়ে কাজ করা হচ্ছে। ড্রেজার অলস পড়ে আছে—এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে নির্বাহী প্রকৌশলী বলেন, শ্রমিকদের অতিরিক্ত টাকা দিয়ে রাত-দিন খনন করানো হচ্ছে। ঈদের আগেই নৌপথটি স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।এদিকে মাওয়া-কাওড়াকান্দি নৌপথের যানজটের চাপ এসে পড়েছে দৌলতদিয়া ঘাট। অনেক যানকে ওই নৌপথ থেকে ঘুরে এসে দৌলতদিয়া ঘাট দিয়ে পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে। এতে দৌলতদিয়ায় গাড়ির চাপ আরও বেড়ে গেছে।