১৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফাহিম টেক্সটাইল মিলস লিমিটেডের হিসাবরক্ষণ কর্মকর্তা তাজমিনুর রহমান তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে ফরিদপুরে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। তাঁরা একটি বাসে ঢাকার গাবতলী থেকে পাটুরিয়ায় এসে পৌঁছান বৃহস্পতিবার রাত ১০টায়। ততক্ষণে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকল্প পথে নদী পার হওয়ার জন্য তিনি লঞ্চে ওঠেন।ঘাট ছাড়ার পর কুয়াশার কারণে লঞ্চচালক দিক হারিয়ে ফেলেন। এরপর ঘণ্টা তিনেক ধরে চালক লঞ্চটি দৌলতদিয়া ঘাটে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তিনি দিক ভুল করে পুনরায় পাটুরিয়া ঘাটে গিয়েই পৌঁছান।পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাটে এসে ঘন কুয়াশার কারণে এমনি নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন হাজার হাজার যাত্রী। কখনো লঞ্চে, কখনো মাঝনদীতে আটকে থাকা ফেরিতে আবার কখনো যানজটের কবলে পড়ে তাঁরা দুর্ভোগের শিকার হচ্ছেন।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত আটটা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত টানা ১৪ ঘণ্টা পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকে। এ সময় শতাধিক যানবাহন ও ছয় হাজার যাত্রী নিয়ে ফেরি কেরামত আলী, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, খানজাহান আলী, শাহজালাল, অপরাজিতা ও দোলনচাঁপা মাঝনদীতে আটকে পড়ে। পাটুরিয়া ঘাটে নোঙর করে থাকে ফেরি শাহপরান, শাহআলী, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও কপোতী।মানিকগঞ্জের আরিচা নৌফাঁড়ি পুলিশ সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে নৌপথ দেখা না গেলেও অনেক লঞ্চমালিক অধিক মুনাফার লোভে ঝুঁকি নিয়ে লঞ্চ চালু রাখেন। এ কারণে প্রায়ই তাঁদের নানা বিপদের সম্মুখীন হতে হচ্ছে।দীর্ঘ সময় ধরে ফেরি পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে যানজটের সৃষ্টি হয়। উভয় ঘাটে আটকে পড়েছে সহস্রাধিক পণ্যবাহী ট্রাক, কয়েক শ বাস এবং ছোট গাড়ি। আটকে থাকা এসব যানবাহনের কয়েক হাজার যাত্রী কনকনে শীতে দুর্ভোগ পোহান।গতকাল সরেজমিনে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে গিয়ে যানবাহনের লম্বা লাইন চোখে পড়ে। বেলা সাড়ে ১১টায় পাটুরিয়া ঘাট থেকে ঢাকা-আরিচা মহাসড়কের প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছিল। দুপুর ১২টায় দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দ-ফরিদপুর মহাসড়কের প্রায় চার কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।যানবাহনের চালক ও যাত্রীরা জানান, তীব্র যানজটের কারণে গতকাল একেকটি যানবাহনের ফেরিতে উঠতে চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগে। তাঁরা যাত্রীদের নিরাপদ ও দ্রুত পারাপার নিশ্চিত করার জন্য প্রতিটি ফেরিতে ফগ লাইট (কুয়াশার মধ্যে দেখা যায় এমন লাইট) লাগানোর দাবি জানান।বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা বলেন, ঘন কুয়াশার কারণে প্রায় প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে।