১৪ ঘণ্টা লোডশেডিং ১০ ঘণ্টা বিদ্যুৎ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দৈনিক ১৪ ঘণ্টা লোডশেডিং চলছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে গত ২৫ সেপ্টেম্বর পানপাড়া বিদ্যুৎ উপকেন্দ্রে গ্রাহকেরা রাত নয়টার দিকে হামলা চালান। পরে তাঁরা আট ঘণ্টা উপকেন্দ্রটি তাঁদের নিয়ন্ত্রণে রাখেন। এ কেন্দ্র থেকেই রায়পুরে বিদ্যুৎ সরবরাহ করা হয়।জানা গেছে, বিদ্যুতের এ অবস্থার কারণে শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন ঘটছে। এ ছাড়া পৌর শহরের কলকারখানার উৎপাদন ব্যাহত, ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যাংক-বিমা ও অফিসপাড়ার স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় মারাত্মক বেগ পেতে হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে আগের মতো গ্রাহকেরা রাস্তায় আন্দোলনে নেমে পড়বেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, রায়পুর উপজেলায় প্রায় ২৬ হাজার গ্রাহক রয়েছেন। এ জন্য ৮-১০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু পাওয়া যাচ্ছে তিন-চার মেগাওয়াট। এ কারণে শহরে দিনের বেলায় দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ থাকলে দুই ঘণ্টা লোডশেডিং হয়। আর রাতে এক ঘণ্টা বিদ্যুৎ, দুই ঘণ্টা লোডশেডিং হয়। শহরের ব্যবসায়ী সুনীল কর্মকার ও মো. মানিক জানান, অস্বাভাবিক লোডশেডিংয়ের কারণে তাঁদের ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে। এ জন্য তাঁদের জেনারেটরের ওপর নির্ভরশীল হতে হচ্ছে। এতে ব্যয় অনেক বেড়ে গেছে।রায়পুর পৌরসভা পানি সরবরাহ শাখা সূত্রে জানা গেছে, অব্যাহত লোডশেডিংয়ের কারণে পৌরসভার উঁচু জলাধার টাংকে পানি ওঠানো ব্যাহত হয়। এ কারণে গ্রাহকদের নিরবচ্ছিন্নভাবে পানি সরবরাহ করা যাচ্ছে না।লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির রায়পুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন বলেন, চাহিদা অনুযায়ী চৌমুহনী গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ না করায় এ লোডশেডিং হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তবে শিগগিরই এ অবস্থার উন্নতি হবে বলে তিনি জানান।