১৪ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় পঞ্চম ধাপে ২৮ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থীর জামানতের টাকা বাজেয়াপ্ত হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ৩১ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিদ্বন্দ্বিতাকারী কোনো প্রার্থী মোট ভোটের এক-অষ্টমাংশের চেয়ে কম পেলে তাঁর জামানতের টাকা বাজেয়াপ্ত হয়। আলমপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোবারক আলী ৬১ ভোট, আনিসুল হক ৭৭৩, আবদুল মান্নান ১৭৯৪ ভোট ও রেজাউল ইসলাম ৭৩৮ ভোট পেয়েছেন। তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। ওই ইউপিতে ৪ হাজার ১৪৬ ভোট পেয়ে জাপার প্রার্থী মঞ্জুর কাদের চৌধুরী বিজয়ী হন। কুর্শা ইউপিতে স্বতন্ত্র প্রার্থী অহিদুল ইসলাম ১১৭ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী জবুর আলী ৬০৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। ওই ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আফজালুল হক ৮ হাজার ৯২১ ভোট পেয়ে বিজয়ী হন।
ইকরচালী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আমেনা বেগম ৫৫১ ভোট পেয়ে জামানত হারান। ওই ইউপিতে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম ৫ হাজার ২৭২ ভোট পেয়ে বিজয়ী হন। হাড়িয়ারকুঠি ইউপিতে ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জনই জামানত হারিয়েছেন। ওই ইউপিতে জাপার প্রার্থী সৈয়দ আলী ৪৯১, বিএনপির প্রার্থী আসাদুজ্জামান নুর ১৯৭, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুল কাদের ৩৯৬, স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান ৭৯ ও স্বতন্ত্র প্রার্থী ছগীর উদ্দিন ৬০ ভোট পেয়ে জামানত হারান। ওই ইউনিয়নে বিজয়ী প্রার্থী হারুন-অর-রশিদ ১১ হাজার ৫৯৪ ভোট পেয়েছেন।
সয়ার ইউপিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আখতারুজ্জামান ৩৯৮ ও বিএনপির প্রার্থী বেলাল হোসেন ১৫০ ভোট পাওয়ায় তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়। এই ইউপিতে ৫ হাজার ২৮১ ভোট পেয়ে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী এস এম মহিউদ্দিন আজম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মেরাজ হোসেন ওই ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্তের বিষয়টি নিশ্চিত করেছেন।