১৪ ছাত্রের বিরুদ্ধে অধ্যক্ষের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ডিপ্লোমা ষষ্ঠ পর্বের ১৪ জন ছাত্রের নামে মামলা হয়েছে। মঙ্গলবার কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার শিকদারের লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার মিরসরাই থানা এই মামলা গ্রহণ করে। মামলার আসামিরা হলেন জাবালুল পাশা, শেখ ফরিদ, মো. ইউসুফ, মোস্তফা কামাল, আসাদুজামান, মোফাজ্জল হোসেন, আহসান হাবিব, অনুকরণ ত্রিপুরা, মোস্তফা কামাল (২), রায়হানুল ইসলাম, হাবিবুর রহমান, আক্তারুজ্জামান, মোস্তাফিজুর রহমান ও আবু সাঈদ নিজামী। শিক্ষকদের হত্যার হুমকি ও কলেজের সম্পত্তি বিনষ্টের অভিযোগে এই মামলা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কলেজের ডিপ্লোমা ষষ্ঠ পর্বের ছাত্ররা শিক্ষক ইসমাইল মোল্লাকে বহিষ্কারসহ ছয় দফা দাবিতে সপ্তাহখানেক ধরে আন্দোলন করছেন। গত ৩ ও ৭ জুন ছাত্ররা কলেজের একমাত্র বাস, অধ্যক্ষের কক্ষ ও কলেজের ফটক ভাঙচুর করেন। পরে ১০ জুন পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করা হয়। বন্ধ কলেজেই ছাত্ররা কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, মামলার খবর পেয়ে ছাত্ররা পালিয়ে বেড়াচ্ছেন। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।