১৪ জন প্রার্থী প্রাথমিকের গণ্ডি পেরোননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব পৌরসভার নয়টি ওয়ার্ডের ৩৮ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে ১৪ জন প্রাথমিকের গণ্ডি পেরোননি। উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা প্রার্থীদের হলফনামা সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও কলেজশিক্ষক তৌহিদুল আলম বলেন,  জনপ্রতিনিধিদেরও শিক্ষিত হওয়া উচিত।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও মতলব পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আ. আজিজ বলেন, প্রায় ৩৭ শতাংশ কাউন্সিলর প্রার্থী প্রাথমিকের সীমানা পেরোননি। অন্যান্য পদেও এ রকম কিছু প্রার্থী রয়েছেন।

হলফনামায় দেখা যায়, ওই ১৪ জনের মধ্যে ৮ নম্বর ওয়ার্ডের সেলিম মাল, ১ নম্বর ওয়ার্ডের আবুল বাসার ও হোসেন আহম্মেদ, ৩ নম্বর ওয়ার্ডের চান মিয়া বেপারী, ৫ নম্বর ওয়ার্ডের মো. হেলালউদ্দিন ও মো. ছানাউল্লাহ, ৬ নম্বর ওয়ার্ডের বিল্লাল হোসেন প্রধান ও ৯ নম্বর ওয়ার্ডের আবদুল হাই বকাউল ‘স্বশিক্ষিত’। ৮ নম্বর ওয়ার্ডের জাকির হোসেন সরকার, ৫ নম্বর ওয়ার্ডের ওয়াজউদ্দিন প্রধান ও ৬ নম্বর ওয়ার্ডের বিল্লাল হোসেন অক্ষরজ্ঞানসম্পন্ন। ৪ নম্বর ওয়ার্ডের ওয়াহিদুজ্জামান মৃধা, ৫ নম্বর ওয়ার্ডের শাজাহান সাগর ও আহিজল মুন্সী পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েছেন।

৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. বিল্লাল হোসেন প্রধান বলেন, নির্বাচনে শিক্ষিত-অশিক্ষিতের বিষয়টি গুরুত্বপূর্ণ নয়। সৎ ও ভালো প্রার্থীকেই ভোটাররা বেছে নেবেন।

সুশাসনের জন্য নাগরিকের মতলব দক্ষিণ শাখার সভাপতি রুহুল আমিন খান বলেন, জনপ্রতিনিধিদের অবশ্যই শিক্ষিত হওয়া দরকার। ভোট দেওয়ার আগে ভোটারদের এ বিষয়টি আমলে নেওয়া উচিত।