রংপুরে খাদেম রহমত আলীকে হত্যার ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। পুলিশ বলছে, তাঁরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবির) সদস্য। তাঁদের মধ্যে সাতজন রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।
মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মামুন অর রশিদ ও আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মালেক জানান, ৩ জুলাই জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে খাদেম হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হয়। বিষয়টি গতকাল সোমবার সকালে সাংবাদিকদের জানানো হয়।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন রংপুরের পীরগাছার মাসুদ রানা, ইসাহাক আলী, লিটন মিয়া ও আবু সাঈদ; কুড়িগ্রামের রাজারহাটের সাদ্দাম হাসেন ওরফে রাহুল; পঞ্চগড়ের দেবীগঞ্জের নজরুল ইসলাম ওরফে হাসান; গাইবান্ধার সাঘাটার সাখাওয়াত হোসেন; দিনাজপুরের বিরামপুরের সারওয়ার হোসেন ওরফে সাবু; গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাদাত হোসেন ওরফে রতন মিয়া, একই এলাকার তৌফিকুল ইসলাম ওরফে সবুজ; রংপুরের পীরগাছার চান্দু মিয়া, বগুড়ার শাহজাহানপুরের রাজিবুল ইসলাম ওরফে বাদল; দিনাজপুরের বিরামপুরের বাবুল আক্তার ওরফে বাবুল মাস্টার; গাইবান্ধার সাঘাটার জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব। তাঁদের মধ্যে প্রথম সাতজন কুনিও হোশি হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। আসামিদের মধ্যে গ্রেপ্তার রয়েছেন মাসুদ রানা, ইসাহাক, লিটন মিয়া, সারওয়ার, সাদাত হোসেন, তৌফিকুল ইসলাম ও আবু সাঈদ।
গত ১০ নভেম্বর রাত ১১টার দিকে রংপুরের কাউনিয়ার চৈতার মোড়ে দুর্বৃত্তরা মাজারের খাদেম রহমত আলীকে (৬০) চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। গত ৩ অক্টোবর সকালে কাউনিয়ায় কাচু আলুটারি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি।