১৪ জলকপাটের সবই অকেজো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের তুলসীগঙ্গা নদীর পূর্ব পাশে বিলের ঘাট এলাকায় বন্যানিয়ন্ত্রণ বাঁধে জলকপাটগুলো অকেজো অবস্থায় পড়ে আছে। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো
জয়পুরহাটের তুলসীগঙ্গা নদীর পূর্ব পাশে বিলের ঘাট এলাকায় বন্যানিয়ন্ত্রণ বাঁধে জলকপাটগুলো অকেজো অবস্থায় পড়ে আছে। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো

জয়পুরহাটের তুলসীগঙ্গা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের উভয় পাশে নির্মাণ করা ১৪টি জলকপাটের সবগুলোই এখন অকেজো হয়ে পড়ে আছে। এ কারণে বর্ষা মৌসুমে বন্যার হাত থেকে ফসলের খেত রক্ষা করতে পারছেন না কৃষকেরা। এতে ওই বাঁধ এখন এলাকার কৃষকের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।
গত শনিবার সরেজমিনে দেখা গেছে, বাঁধের বিভিন্ন এলাকায় মাটি দেবে গিয়ে বাঁধে ভাঙন ও ফাটল সৃষ্টি হয়েছে। নদীর পূর্ব পাশে আক্কেলপুরের আওয়ালগাড়ি এবং ক্ষেতলাল উপজেলার দেওগ্রামের কাছে তিনটি স্থানে বাঁধের নিচ দিয়ে গর্ত করে বোরো চাষাবাদের জন্য গভীর নলকূপের পানি সরবরাহ করা হচ্ছে। ওই সব জায়গায় বাঁধের মাটি সরে গেছে।
জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছরও বন্যায় প্রায় তিন হাজার হেক্টর জমির আমন খেতসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে যায়। এ ছাড়া প্রায় প্রতিবছর জেলার সদর উপজেলার ধারকি, বানিয়াপাড়া, ঘোনাপাড়া, নামাধারকি, রশিদা, কোমরগ্রাম, সোডাহার, চক ও ফকিরপাড়া, ক্ষেতলালের বটতলী, ইকরগাড়া, আটিমুকুল, আটিদাশড়া, তালসন, মির্জাপুর, রসুলপুর, দেওগ্রাম, আমিড়া, জিয়াপুর, দুর্গাপুর, খান্দার, দিঘিরপাড় ও মহব্বতপুর এবং আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী, নলডাঙ্গা, ভিকনি, শান্তা, ভান্ডারিপাড়া ও উলিপুর গ্রামগুলোতে বন্যার পানিতে ফসলহানি ঘটে।
জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ২০০১ সালে জেলার তুলসীগঙ্গা নদীর দুই পাশের বিল হাওয়াই মাঠের জমি বর্ষা মৌসুমে বন্যার কবল থেকে রক্ষা করার জন্য নদীর উভয় পাশে ক্ষেতলাল উপজেলার বটতলী থেকে আক্কেলপুর উপজেলার হলহলিয়া সেতু পর্যন্ত ৩১.৪৬ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়। ওই বাঁধ নির্মাণে ব্যয় হয়েছিল ২০ কোটি ১৭ লাখ টাকা। জেলার ১৪ হাজার ৫৪৩ হেক্টর জমি বর্ষা মৌসুমে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করা ও খরা মৌসুমে ১১ হাজার ২২৬ হেক্টর জমিতে সেচ সুবিধার জন্য ওই বাঁধ নির্মাণ করা হয়।
মামুদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শারফুল ইসলাম তালুকদার বলেন, নদীর দুই তীরে বাঁধে ১৪টি জলকপাট রয়েছে। প্রায় ১২ বছর আগে যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ায় বাঁধের সব কটি জলকপাট অকেজো হয়ে পড়ে আছে। এ কারণে বাঁধটি বন্যানিয়ন্ত্রণে কোনো কাজে আসছে না।
মাঝদুপুর ইউনিয়নের আমিড়া গ্রামের দুজন কৃষক বলেন, পাঁচ বছর আগে নদীর পশ্চিম পাশে বাঁধের ২০০ ফুট ভেঙে গেলেও তা মেরামত করা হয়নি। বর্ষা মৌসুমে নদীর পানি বাঁধের ভাঙা অংশ দিয়ে প্রবেশ করায় আমনসহ বিভিন্ন ফসলের খেত ডুবে থাকে।
ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের তিনজন কৃষক বলেন, বাঁধ সংস্কার ও জলকপাট মেরামত খুবই জরুরি। এ ছাড়া সদর উপজেলার পাকার মাথার বিসিক-বটতলী সড়কের দুটি বড় বেইলি সেতুর নিচ দিয়ে প্রবাহিত পানি সরাসরি তুলসীগঙ্গা নদীতে না পড়ায় ওই পানি বাঁধের পশ্চিম পাশে ঢুকে পড়ে। এতে বিস্তীর্ণ এলাকার ফসল ডুবে নষ্ট হয়।
পাউবোর উপসহকারী প্রকৌশলী মারজান হোসেন বলেন, বাঁধ নির্মাণের পরপরই জলকপাটগুলোর যন্ত্রাংশ চুরি হয়ে যায়। সেগুলো এখনো সংস্কার করা সম্ভব হয়নি। নদীর উভয় তীরের বন্যানিয়ন্ত্রণ বাঁধও দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ঝুঁকির মুখে পড়েছে। তবে শুষ্ক মৌসুমে সংস্কারকাজ শুরু করা হবে। এ ছাড়া আমিড়া গ্রামের ভাঙা অংশে পাঁচ দরজাবিশিষ্ট একটি জলকপাট নির্মাণের জন্য ২০১৪ সালে পাউবোর ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের পরিচালক বরাবর প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন ও বরাদ্দ পেলে শিগগিরই নির্মাণকাজ শুরু করা হবে।