১৪ জায়গায় নাশকতা, ককটেল আগুন ভাঙচুর
১৮-দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে গতকাল সোমবার দেশের অন্তত ১৪টি স্থানে নাশকতা, ভাঙচুর ও অবরোধের ঘটনা ঘটেছে। বগুড়ায় রেললাইন উপড়ে ফেলা হয়েছে। সিরাজগঞ্জে থানা চত্বরে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়া হয়েছে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, অফিস ও নিজস্ব প্রতিনিধিদের পাঠানো খবর:
ঢাকার কেরানীগঞ্জের আমিরাবাদ এলাকায় সকাল সাড়ে সাতটায় হরতাল-সমর্থকেরা একটি সিএনজিতে আগুন লাগিয়ে দিলে চালক মো. ইয়াকুব মিয়া (২৮) আহত হন। এ ছাড়া আবদুল্লাহপুর এলাকায় বেলা দেড়টার সময় সাত-আটটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন হরতাল-সমর্থকেরা।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে পিকেটাররা। এ সময় তাঁরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। রূপগঞ্জের ভুলতা এলাকায় শিবিরের কর্মীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
বগুড়ায় সকাল নয়টায় শহরের লতিফপুর কলোনিতে জামায়াত-শিবির মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে শতাধিক রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এর আগে রোববার গভীর রাতে সান্তাহার-বোনারপাড়া রেললাইনের বগুড়া রেলস্টেশনের তিন কিলোমিটার পশ্চিমে ১০ ফুট লাইন উপড়ে ফেলে দুর্বৃত্তরা। এতে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
সিরাজগঞ্জে রোববার রাত ১০টার দিকে কে বা কারা সদর থানার ক্যাম্পাসে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। সদর থানার পুলিশ ভোররাত চারটার দিকে সদর উপজেলার কড্ডা থেকে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল আলমকে (৪৫) আটক করেছে। বিকেলে সয়দাবাদ ও ফকিরপাড়ায় বিএনপি-পুলিশের পৃথক সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।
টাঙ্গাইলে হরতাল-সমর্থকদের মিছিলে ছাত্রলীগ-শ্রমিক লীগের হামলায় বিএনপির ১০ নেতা-কর্মী আহত হন। এ ছাড়া হামলাকারীরা বিএনপির কার্যালয়েও ইটপাটকেল নিক্ষেপ করেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডের বটতলা এলাকায় পণ্যবাহী চারটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে পিকেটাররা। খবর পেয়ে চট্টগ্রাম (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল্লাহ ও সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে ঘটনাস্থলে যাওয়ার সময় শেখপাড়া এলাকায় পৌঁছালে পিকেটাররা পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। ককটেলটি তাঁদের গাড়ির কিছুটা সামনে বিস্ফোরিত হয়। পুলিশ রাবার বুলেট ছুড়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে। রাত নয়টার দিকে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের চট্টগ্রাম নগরের চকবাজার মৌসুমি আবাসিক এলাকার বাসভবনের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এর আগে রাত সাড়ে আটটায় বন্দর থানার সামনে একটি পরিত্যক্ত গাড়িতে আগুন দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা।
রাজবাড়ী শহরে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। মেহেরপুরে সকাল সাড়ে ছয়টার দিকে রাজনগর ও মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর মোড়ে এবং গৌরীনগরে হরতালের সমর্থনে জোট-সমর্থিত নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর ও বন্দর মোড়ে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
খুলনায় সকাল আটটার দিকে হরতাল-সমর্থকেরা দুটি ইজিবাইক ভাঙচুর করেন। সকাল নয়টায় নগরের সার্কিট হাউসের সামনে জেলা ও মহানগর বিএনপির মহিলা দল টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। কুমিল্লার লাকসামে সকাল থেকে হরতাল-সমর্থকেরা পৌর শহরের বিভিন্ন স্থানে কমপক্ষে ১০টি গাড়ি ভাঙচুর করেন। তাঁরা শহরের কয়েকটি সড়কে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করেন।
চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় সকাল ১০টার দিকে বিএনপি ও পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় ১০ জন আহত হন। নেত্রকোনার কেন্দুয়ায় হরতাল-সমর্থকেরা বেলা ১১টার দিকে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের সাউদপাড়া এলাকায় পল্লী বিদ্যুতের ইলেকট্রিশিয়ান আমিনুল ইসলামসহ কয়েকজন মোটরসাইকেল আরোহীর ওপর হামলা ও তাঁদের গাড়ি ভাঙচুর করেন। একইভাবে কেন্দুয়া-চিরাং সড়কের কান্দিউড়া মোড় এলাকায় আবু ছাদেক নামে এক বিমা কর্মকর্তার ওপরও হামলা এবং মোটরসাইকেল ভাঙচুর করা হয়।