কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় গতকাল বুধবার জুতার একটি বিপণিবিতানে অগ্নিকাণ্ডে ১৪টি কারখানা পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
ফায়ার সার্ভিস ও পাদুকাশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাজি পাদুকা বিপণিবিতানের অবস্থান উপজেলা পরিষদ কার্যালয়-সংলগ্ন এলাকায়। এই বিপণিবিতানে কারখানার সংখ্যা ৭০৮টি। এসব কারখানায় ঈদুল ফিতর সামনে রেখে ভোর পর্যন্ত জেগে শ্রমিকেরা জুতা উৎপাদন ও বাজারজাত করছেন। সারা রাত কাজ করে গতকাল ভোরে শ্রমিকদের বেশির ভাগ কারখানার ভেতরে ঘুমিয়ে ছিলেন। ছয়টার দিকে ওই বিপণিবিতান থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় লোকজন ও জুতাশ্রমিকেরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত রেকর্ড শুক কারখানার মালিক বাচ্চু মিয়া জানান, তাঁর কারখানায় শ্রমিকের সংখ্যা ২০। প্রায় ৩০ লাখ টাকার তৈরি জুতা কারখানায় রাখা ছিল। এসব জুতা কয়েক দিনের মধ্যে বাজারজাত করার কথা ছিল। এ অবস্থায় আগুনে জুতা, চামড়া ও কাঁচামাল সবই পুড়ে গেছে।
ইবি শুেজের মালিক গাফ্ফার মিয়া বলেন, আগুনে তাঁর ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শাহিন শুেজের শাহিন মিয়া বলেন, ‘ঈদ মৌসুম ধরার জন্য ঋণ করে উৎপাদন বাড়ানো হয়েছিল। আগুনে পাঁচ লাখ টাকার জুতা পুড়ে গেছে। এ অবস্থায় পুনরায় কারখানা চালু করা আমার পক্ষে কঠিন হয়ে পড়বে।’
ভৈরব পাদুকা কারখানা মালিক সমবায় সমিতির সভাপতি মো. আবদুল লতিফ বলেন, জুতার ব্যবসা মানে দুটি ঈদ। বিশেষ করে রোজার ঈদ। এখন কারখানা মালিক ও শ্রমিকদের দম ফেলার সুযোগ নেই। এ অগ্নিকাণ্ডে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ক্ষতি পুষিয়ে ওঠা কঠিন। আগুনে বিপণিবিতানের অভ্যন্তরীণ বৈদ্যুতিক সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। দু-তিন দিনের আগে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে না।
এ ব্যাপারে ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার আফাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কোন কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।