১৪ জুন থেকে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগামী ১৪ থেকে ১৭ জুন পর্যন্ত চট্টগ্রাম শহরে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। এ সময়ে নির্বাচন উপলক্ষে বাহিরাগতরা চট্টগ্রাম শহরে প্রবেশ করতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দেবে। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।সাখাওয়াত হোসেন আরও বলেন, নির্বাচন উপলক্ষে কোনো বহিরাগতকে ১৪ জুন থেকে চট্টগ্রাম শহরে প্রবেশ করতে দেওয়া হবে না। ওই সময়ে কোনো বহিরাগত ধরা পড়লে নির্বাচনী বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশন নিজেদের ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রামের বাইরের কোনো রাজনৈতিক নেতা নির্বাচন পর্যবেক্ষণে যেতে চাইলে বাধা দেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ওই সময়ে নির্বাচনী এলাকার বাসিন্দা ছাড়া বাকিরা বহিরাগত। এটা কোনো দলভিত্তিক নির্বাচনও নয়। রাজনৈতিক দলের কোনো বিষয়ই এখানে আমলে নেওয়া হবে না।আগামী ১৭ জুন অনুষ্ঠেয় এ নির্বাচনে ভোটকেন্দ্রসহ পুরো নির্বাচনী এলাকায় আইন প্রয়োগকারী সংস্থার প্রায় ২০ হাজার সদস্য নিয়োজিত থাকবেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম শহরে ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত ছয় কোম্পানি সেনাসদস্য নিয়োজিত থাকবেন। বহিরাগতদের ঠেকাতে এরই মধ্যে চট্টগ্রাম শহরের বিভিন্ন প্রবেশপথে তল্লাশি চৌকি বসানো হয়েছে।