১৪ জুলাই থেকে বিশেষ লঞ্চ
ঈদে যাত্রী হয়রানি দূর ও সেবা নিশ্চিত করতে প্রস্তুতি সভা করেছে ঢাকা নদীবন্দর কর্তৃপক্ষ। গতকাল সোমবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় টার্মিনালে যাত্রী হয়রানি বন্ধে ও যাত্রীসেবা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ এবং ঈদ সামনে রেখে ১৪ জুলাই থেকে বিশেষ লঞ্চ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রস্তুতি সভায় গৃহীত পদক্ষেপগুলো হলো—ঈদের এক সপ্তাহ আগে থেকে বন্দর সমন্বয় কমিটির তদারকি শুরু হবে। প্রতিটি লঞ্চে দক্ষ মাস্টার ও ড্রাইভার নিশ্চিত করা এবং তাঁদের ইউনিফর্ম পরতে হবে। লঞ্চে জীবন রক্ষাকারী প্রয়োজনীয় সংখ্যক সরঞ্জাম রাখতে হবে। পন্টুনে নির্ধারিত স্থানে লঞ্চ নোঙর করতে হবে। মাঝনদীতে নৌকা দিয়ে যাত্রী ওঠানো-নামানো যাবে না। লঞ্চের ছাদে যাত্রী নেওয়া যাবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে টার্মিনাল পর্যন্ত রাস্তা সার্বক্ষণিক একমুখী রাখতে হবে।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য দেন বিআইডব্লিউটিএর সদস্য (পরিকল্পনা ও পরিচালন) ভোলা নাথ দে, পরিচালক (বন্দর) মাহবুব আলম, অভ্যন্তরীণ নৌ-চলাচল ও (যাপ) সংস্থার চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহম্মেদ, নৌ-পুলিশ সুপার মো. মোজাম্মেল হক, ডিএমপি কোতোয়ালি জোনের এসি আহদুজ্জামান, সদরঘাট টার্মিনালের ইজারাদার আলমগীর হোসেন প্রমুখ।