১৪ জুলাই সাক্ষ্য গ্রহণ শুরু

পুরান ঢাকায় বিশ্বজিৎ দাস হত্যা মামলায় ১৪ জুলাই সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর ভারপ্রাপ্ত বিচারক দেওয়ান মোহাম্মদ শফিউল্লাহ এ দিন ধার্য করেন। গতকাল আসামিদের উপস্থিতিতে এ মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণের ধার্য দিন ছিল। এ জন্য কারাগারে আটক আট আসামিকে আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। আদালত সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ১৮ জুন বিশ্বজিৎ হত্যা মামলাটি জনগুরুত্বসম্পন্ন মামলা বিবেচনা করে ট্রাইব্যুনালে পাঠানোসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক মামলা বদলিসংক্রান্ত প্রজ্ঞাপন পাওয়ার পর তা ট্রাইব্যুনাল-৪-এ পাঠানোর আদেশ দেন। ২ জুলাই ট্রাইব্যুনাল-৪-এর ভারপ্রাপ্ত বিচারক কারাগারে আটক আট আসামিকে হাজির করার আদেশ দেন। গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা কুপিয়ে ও পিটিয়ে নিরীহ পথচারী বিশ্বজিৎ দাসকে হত্যা করেন। এ মামলায় গত ৫ মার্চ ছাত্রলীগের ২১ জন কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই ২১ জনের মধ্যে কারাগারে আটক রয়েছেন রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, এমদাদুল হক, জি এম রাশেদুজ্জামান, এইচ এম কিবরিয়া, কাইউম মিয়া, সাইফুল ইসলাম ও গোলাম মোস্তফা। পলাতক ১৩ আসামি হলেন রাজন তালুকদার, খন্দকার মো. ইউনুস আলী, আজিজুল হক, তারিক বিন জোহর, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, মীর মো. নূরে আলম, আল-আমিন শেখ, মনিরুল হক, কামরুল হাসান ও মোশাররফ হোসেন।