
দেশের সড়ক-মহাসড়কগুলোতে বেপরোয়া বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহনের কারণে প্রাণহানি ঘটেই চলেছে। গতকাল রোববার মাদারীপুরে যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ১৬ জন আহত হন। সিরাজগঞ্জেও পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হন ৩ জন। এ দুই জেলা ছাড়া গত শনিবার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত আরও ১২ জেলায় সড়কে প্রাণ গেছে ১৩ জনের।
এ নিয়ে গত ১২৫ দিনে বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০৮৯ জনের। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে প্রথম আলোর ঢাকার নিজস্ব প্রতিবেদক ও সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর:
মাদারীপুরের রাজৈর উপজেলার কামালদীতে গতকাল সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার সারিয়াকান্দির শুভ ঘোষ (২০), বরিশালের পশ্চিম মল্লিককান্দি এলাকার জাকির হোসেন হাওলাদার (৩০) ও গৌরনদীর সাইদুর রহমান (৪০)। এ সংঘর্ষে আহত হন আরও ১৬ জন। দুর্ঘটনার পর এ মহাসড়কের যানবাহনের চলাচল প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল।
সিরাজগঞ্জে শনিবার বঙ্গবন্ধু সেতুর ওপর এবং ঢাকা-বগুড়া মহাসড়কের ষোলো মাইল এলাকায় পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন বগুড়া সদরের ট্রাকচালক মিরু মিয়া (২৪), বগুড়ার চারমাথা এলাকার ব্যবসায়ী শুকুর আলী (২৬) ও সিরাজগঞ্জের উল্লাপাড়ার মোটরসাইকেলের চালক সাইদুর রহমান (৪০)। প্রথম ঘটনায় বগুড়া থেকে মুরগি নিয়ে একটি ছোট ট্রাক ঢাকায় যাওয়ার পথে বঙ্গবন্ধু সেতুর ওপর সামনে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে অপর একটি মালবোঝাই ট্রাক মুরগির ট্রাককে ধাক্কা দিলে মুরগির ট্রাকের চালক মিরু মিয়া, চালকের সহকারী আশিক এবং দুই ব্যবসায়ী আলমগীর ও শুকুর আলী সেতুতে ছিটকে পড়ে গুরুতর আহত হন। হাসপাতালে রাতে দুজন মারা যান। এদিনই ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাকচাপায় নিহত হন মোটরসাইকেলের চালক সাইদুর।
ঢাকার শ্যামলীতে পিকআপ ভ্যানের ধাক্কায় কাছিম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাঁর বাড়ি ময়মনসিংহের তারাকান্দার ভালকি নয়াপাড়া গ্রামে। গতকাল সাহ্রির পর আদাবর এলাকায় মেয়ের বাড়ি থেকে তিনি গ্রামের বাড়ির উদ্দেশে বের হয়েছিলেন। শ্যামলী চৌরাস্তায় পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জয়পুরহাটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কার্যালয়ের সামনে খঞ্জনপুর সড়কে গতকাল সকালে বালুবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন হোটেল শ্রমিক মেহেদী হোসেন (২৯)।
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গতকাল সকালে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া নামক স্থানে ও উথলী-পাটুরিয়া সড়কে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন শিবালয়ের আফছার উদ্দিন (৫৫) ও নোয়াখালী সদরের সবুজ মিয়া (২৬)। মহাসড়কে দাঁড়িয়ে থাকার সময় ট্রাকচাপায় সবুজ ও বাইসাইকেলে যাওয়ার সময় আরেক ট্রাকচাপায় আফছার নিহত হন।
হবিগঞ্জে চুনারুঘাট-বদরগাজী সড়কে গতকাল সকালে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি অটোরিকশার ধাক্কায় রবিউল আওয়াল (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে চুনারুঘাটের পঞ্চাশ গ্রামের রিমন মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইসলামাবাদ এলাকায় গতকাল দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এক যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেট কারের সংঘর্ষে প্রাইভেট কারের চালক আবদুল জলিল (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছেন আরও ১৬ জন।
এ ছাড়া ফরিদপুরের সদরপুরে গতকাল দুপুরে ইটভর্তি ট্রলি উল্টে এর চালক শান্ত শেখ (২৩), গাজীপুর সিটি করপোরেশনের ভুরোলিয়া এলাকায় গতকাল দুপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে অজ্ঞাতনামা এক যুবক (২৮), সিলেট-তামাবিল সড়কের দরবাঘ এলাকায় শনিবার রাতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে মাইক্রোর চালক আবদুস ছালাম (৩০), চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় গতকাল সকালে মোটরসাইকেল-বাস সংঘর্ষে মোটরসাইকেলের চালক আরাফাত হোসেন (২০), মুন্সিগঞ্জের গজারিয়ায় গতকাল বিকেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আশরাফুল (২৩) নামের এক ব্যক্তি, চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরা গ্রামে গতকাল সকালে ট্রাক্টর উল্টে এর চালক ইউনুস আলী (৫৫) ও দিনাজপুরের বিরলের ধুকুরঝাড়ী এলাকায় শনিবার রাতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আবদুর রশিদ (৬৮) নিহত হন।