১৪ দফা দাবিতে খেলাফত আন্দোলনের মিছিল, স্মারকলিপি
ফতোয়ার বিধান, ‘সর্ব শক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ কথাটি সংবিধানে বহাল রাখা এবং ধর্মদ্রোহীদের রাষ্ট্রদ্রোহী আইনে শাস্তি দেওয়াসহ ১৪ দফা দাবিতে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। তার আগে দলটি নগরে মিছিল বের করে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর মুক্তাঙ্গনে দুপুর সাড়ে ১২টায় দলের আমির শাহ্ আহমাদুল্লাহ আশরাফের নেতৃত্বে কয়েক শ নেতা-কর্মীর অংশগ্রহণে মিছিল বের হয়। জিরো পয়েন্ট ঘুরে জাতীয় সংসদ অভিমুখে যাত্রা করলে নয়াপল্টনের মোড়ে পুলিশ বাধা দেয়। সেখানে দলীয় প্রধানের সংক্ষিপ্ত বক্তৃতা শেষে গণমিছিল কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।এরপর দলের মহাসচিব মাওলানা জাফর উল্লাহ খানের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল বেলা দেড়টায় ১৪ দফা দাবিসংবলিত স্মারকলিপি নিয়ে জাতীয় সংসদ ভবনে স্পিকার আবদুল হামিদের কক্ষে গিয়ে স্মারকলিপি দেয়।স্মারকলিপিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের অপসারণ, শিক্ষানীতি বাতিল, বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার নামে ইসলামি রাজনীতি নিষিদ্ধের পাঁয়তারা বন্ধ করাসহ বিভিন্ন দাবি করা হয়।