১৪ দফা দাবিতে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেশম কারখানা চালু, গঙ্গা ব্যারাজ নির্মাণ, উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন, রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ নিশ্চিত, সিএনজি স্টেশন স্থাপনসহ রাজশাহীর উন্নয়নে ১৪ দফা দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।

সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত কর্মসূচি থেকে অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের জন্য আগামী অর্থবছরের বাজেটে বিশেষ অর্থ বরাদ্দের দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এসব দাবি নিয়ে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছে। বারবার রাজশাহীকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে। তাই আগামী জাতীয় বাজেটেই যাতে রাজশাহী উন্নয়নে বিশেষ বরাদ্দ রাখা হয় এ জন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

বক্তারা বলেন, পরিষদের উত্থাপিত ১৪ দফা দাবি বাস্তবায়ন হলে রাজশাহীর সার্বিক উন্নয়নে প্রতিফলন ঘটবে। বক্তারা বলেন, রেশমকে রাজশাহীর ব্র্যান্ড করা হচ্ছে অথচ রাজশাহী রেশম কারখানাকে আজ পর্যন্ত প্রাইভেটাইজেশন কমিশন থেকে উদ্ধার করা হয়নি। প্রতিশ্রুতি দিয়েও রাজনৈতিক নেতারা এখনো কারখানা চালু করার ব্যবস্থা করতে পারেননি। এদিকে রাষ্ট্রপতির আদেশক্রমে ঠাকুরগাঁও রেশম কারখানা খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতেই বোঝা যায়, রাজশাহীর প্রতি সরকার কতটা উদাসীন।

বক্তারা বলেন, অতিমাত্রায় ভূগর্ভস্থ পানি ব্যবহারের ফলে ভূমিধস ও জলবায়ুর বিরূপ প্রভাবসহ পরিবেশ মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে এর মাশুল দিতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে। এর পরিপ্রেক্ষিতে গঙ্গা ব্যারাজ প্রকল্প জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করা প্রয়োজন। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, এসব দাবিতে রাজশাহীর মানুষকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম চলছে। প্রধানমন্ত্রীকে একাধিকবার স্মারকলিপির মাধ্যমে জানানো হয়েছে। আশ্বাস থাকলেও দাবিগুলো পূরণ হচ্ছে না। এ কারণে রাজশাহীবাসী অনেকটা হতাশ।

সমাবেশ অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশিষ প্রামাণিক, সহসভাপতি আবদুল মান্নান, উপদেষ্টা মুস্তাফিজুর রহমান খান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহীর সভাপতি শাহজাহান আলী বরজাহান, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক ও ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, মহিলা পরিষদ জেলা সভাপতি কল্পনা রায় প্রমুখ।