ভূমি অধিগ্রহণ, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সড়ক নির্মাণ ও দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পসহ ১৪ দফা বাস্তবায়নের দাবিতে গতকাল বুধবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মানববন্ধন করেছে। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে মানববন্ধন হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা অংশ নেন।
মানববন্ধনে শিক্ষক সমিতি অবিলম্বে নতুন একাডেমিক ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, কেন্দ্রীয় মিলনায়তন, ৫০ শয্যার চিকিৎসাকেন্দ্র, খেলার মাঠ, হল নির্মাণ, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবন নির্মাণ, কম্পিউটার ল্যাব, মুক্তিযুদ্ধ ভাস্কর্য, কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থার দাবি জানান।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহসভাপতি রশিদুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান আবু তাহের প্রমুখ।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘২০০৬ সালে ৫০ একর জায়গা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও এর অধিকাংশ জায়গায় টিলা অবস্থিত। সমতল ভূমি না থাকায় নতুন করে ভবন নির্মাণ করা যাচ্ছে না।’