১৪ দল ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ১৪ দলকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ১৪ দল ঐক্যবদ্ধ থাকলে বিএনপি-জামায়াত জোটের সব ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব হবে। এতে মহাজোট শক্তিশালী হবে। জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতির বাস্তবায়নও সহজ হবে।গতকাল বুধবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে সাম্যবাদী দলের কেন্দ্রীয় কর্মী সমাবেশে এ কথা বলেন সৈয়দ আশরাফ।স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বর্তমান সরকার কেবল আওয়ামী লীগের নয়, মহাজোটের সরকার। কাজেই এই সরকারের সাফল্য-ব্যর্থতার সবকিছু মহাজোটেরও। বর্তমানে যাঁরা আওয়ামী লীগে আছেন, তাঁদের সবাই পরিষ্কার আওয়ামী লীগার নন। অনেকেই বাম ও কমিউনিস্ট শিবির থেকেও এসেছেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বামপন্থীরা ভূমিকা রেখেছেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, যুদ্ধাপরাধীদের বিচার এখন আর অসম্ভব কিছু নয়। বর্তমান সরকারের মেয়াদেই যুদ্ধাপরাধীদের বিচার শেষ হবে বলে আশা করা যায়। তিনি সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও গোলাম আযমকে এখনো বিচারের আওতায় না আনার প্রসঙ্গ তুলে বলেন, ‘আমার মনেও প্রশ্ন আছে, গোলাম আযম ও সাকা চৌধুরীর মতো চিহ্নিত যুদ্ধাপরাধী এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছেন কেন?’বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান বলেন, উচ্চ আদালতের রায়ে পঞ্চম সংশোধনী বাতিলের ফলে বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠার সুযোগ এসেছে। সাম্প্রদায়িক রাজনীতি করার অধিকার কারও নেই। সমাবেশে সভাপতির বক্তব্যে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, বামপন্থীরা ভুল করলে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি নতুন ষড়যন্ত্রের সুযোগ পেয়ে যাবে। বিজয় হাতছাড়া হয়ে গেলে দেশ আবার অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যাবে। তাই আর যাতে কোনো ভুল না হয়, সে জন্য সতর্ক থাকতে হবে।অন্যান্যের মধ্যে ন্যাপের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ আমেনা আহমদ, ১১ দলের সমন্বয়ক মাহমুদুর রহমান, সাম্যবাদী দলের পলিটব্যুরোর সদস্য লুৎফর রহমান প্রমুখ বক্তব্য দেন।