১৪ দল ও ছাত্রলীগের শোক র‌্যালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ভবনধসের ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল সোমবার পৃথক শোক র‌্যালি করেছে ঢাকা মহানগর ১৪ দল ও বাংলাদেশ ছাত্রলীগ।আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটক থেকে কালো পতাকা হাতে শোক র‌্যালি বের করে। কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে তা শেষ হয়।শোক র‌্যালি-পূর্ব সমাবেশে ১৪ দলের নেতারা সাভারে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের দাফন ও আহত ব্যক্তিদের চিকিৎসার স্বার্থে আগামী ১৫ দিন কোনো কর্মসূচি না দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ করেন।মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে শোক র‌্যালি-পূর্ব সমাবেশে বক্তব্য দেন আমির হোসেন আমু, মোহাম্মদ নাসিম, মাহবুব উল আলম হানিফ, নূরুর রহমান, মাহমুদুর রহমান, এম এ আজিজ, শাহে আলম প্রমুখ।ছাত্রলীগের শোক র‌্যালি: সাভারে ভবনধসে নিহত ব্যক্তিদের স্মরণে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠান এবং জেলা ও উপজেলা শাখা ছাত্রলীগ শোক র‌্যালি বের করে। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে শোক র‌্যালি বের করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। র‌্যালিটি কলা ভবন প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান মোল্লা ও সাধারণ সম্পাদক ওমর শরীফ বক্তব্য দেন।বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয় থেকে শোক র‌্যালি বের করে ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। র‌্যালিটি জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।