১৪ দলকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ জুন অনুষ্ঠেয় চার সিটি করপোরেশনের নির্বাচনে ১৪ দল একক প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ থাকবে। একযোগে কাজ করবে এবং নির্বাচনে ধর্মের ব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হবে।

গতকাল শুক্রবার বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় ১৪ দলের এক সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম সাংবাদিকদের সিদ্ধান্তগুলো জানান।

সভায় বলা হয়, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১৪ দলীয় জোটভুক্ত একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ওই প্রার্থীকে নির্বাচন থেকে বিরত রাখতে হবে। তিনি বিরত না থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিরোধী দল সিটি করপোরেশন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ১৪ দলকেও তাঁদের রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে।

সিটি নির্বাচনে ধর্মের ব্যবহার, ধর্মের নামে উন্মাদনা সৃষ্টির তৎপরতা চলছে উল্লেখ করে সভায় বলা হয়, বিরোধী দলও এই ঘৃণ্য তৎপরতার সঙ্গে আছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

সভায় বলা হয়, দেশের কোনো কোনো স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আবার আক্রমণ শুরু হয়েছে। কিশোরগঞ্জের হোসেনপুরে সম্প্রতি এ ধরনের একটি ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। ১৪ দলের  নেতাদের একটি দল  শিগগিরই  হোসেনপুর সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, নড়াইলসহ কয়েকটি জেলায় সফরের কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে।

ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মতিয়া চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, মোহাম্মদ নাসিম, নূহ-উল-আলম লেনিন, শরীফ নূরুল আম্বিয়া, হাজি আবদুস সামাদ, ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।