১৪ দলকে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে, ৫ জানুয়ারি বৈঠক
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলকে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে। শরিক দল থেকে একজনকে মন্ত্রী এবং দুজনকে মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হলেও ক্ষমতায় যাওয়ার পর ১৪ দলের কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। এ নিয়ে শরিক দলের নেতাদের মধ্যে কিছুটা মনোমালিন্য ছিল। তবে ৫ জানুয়ারি সন্ধ্যা সাতটায় ১৪ দলের আনুষ্ঠানিক বৈঠক ডাকা হয়েছে। ওই দিন সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করবেন।১৪ দলের শরিক বাম ঘরানার কয়েকটি দলের নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ঐক্যের জন্য ১৪ দলের বৈঠক জরুরি। দীর্ঘদিন পর বৈঠক আহ্বান করায় ১৪ দলের ঐক্য সুদৃঢ় হবে।বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে কিছু জানা যায়নি। তবে আওয়ামী লীগের নেতাদের সূত্রে জানা গেছে, বৈঠকে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।