বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি-জামায়াতকে মোকাবিলা করতে অভ্যন্তরীণ কোন্দল নিরসনের করে দলীয় ঐক্য মজবুত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ১৪ দলের অন্তর্ভুক্ত করারও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন। দলীয় সূত্রগুলো জানায়, ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে আওয়ামী লীগের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জ্যেষ্ঠ নেতাদের সম্পৃক্ত করা হবে। দলের উপদেষ্টামণ্ডলীর সাম্প্রতিক বৈঠকে জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ প্রথমবারের মতো অংশ নিয়েছেন। বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন। এর আগে গত চার বছরে উপদেষ্টামণ্ডলীর কোনো বৈঠকে তোফায়েল আহমেদ যাননি।একই সঙ্গে সারা দেশে দলের সব শাখায় সব নেতা-কর্মীকে নিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করার জন্য জেলা সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংসদদের বলা হয়েছে। রাজনৈতিক সভা-সমাবেশ স্থানীয় ১৪ দলকে সঙ্গে নিয়ে করার কথা বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় জনসভা করবে ১৪ দল: গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের বৈঠকে বিএনপি-জামায়াতের সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে ধারাবাহিকভাবে জনসভা করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৈঠক শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, আজ ২০ মার্চ সাতক্ষীরায় জনসভা হবে। এতে নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এরপর ৩০ মার্চ বগুড়ায় জনসভা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে ১৪ দলের একটি প্রতিনিধিদল চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া পরিদর্শনে যাবে। এ ছাড়া গাইবান্ধা ও নোয়াখালীতে জনসভা করা হবে।মোহাম্মদ নাসিম বলেন, এসব জনসভার মাধ্যমে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের চিত্র মানুষের কাছে তুলে ধরা হবে। ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় জনসভার পর দেশের বিভিন্ন অঞ্চলে জামায়াত-অধ্যুষিত এলাকায়ও সভা-সমাবেশ করা হবে। ১৪ দলের গতকালের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকী।