১৪ দলের তিন দিনের কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াতের দেশব্যাপী নৈরাজ্য এবং পাকিস্তানের পার্লামেন্টে শোক প্রস্তাবের প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট। সেগুলো হলো: আগামী রোববার সব উপজেলা, সোমবার জেলা ও মঙ্গলবার ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে প্রতিবাদ সমাবেশ।
গতকাল বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
মোহাম্মদ নাসিম বলেন, যেকোনো মূল্যে দশম সংসদ নির্বাচন করা হবে বলে প্রধানমন্ত্রী ১৪-দলীয় নেতাদের আশ্বস্ত করেছেন।
পাকিস্তানের পার্লামেন্টে কাদের মোল্লার বিচার নিয়ে নিন্দা প্রস্তাব আনাকে নজিরবিহীন উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, এটা কূটনৈতিক শিষ্টাচারবিবর্জিত।
বাংলাদেশে পাকিস্তানি দূতাবাস বন্ধে গণজাগরণ মঞ্চের দাবির বিষয়ে নাসিম বলেন, যে কেউ যেকোনো দাবি করতেই পারেন। সরকার কূটনৈতিকভাবে এগুলোকে মোকাবিলা করবে।