১৪ দলের পক্ষ থেকে কমিশনারদের নাম জমা দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনারের অনুসন্ধান কমিটিতে ১৪ দলের পক্ষ থেকে কমিশনারদের নাম জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের সংসদীয় দল। গতকাল রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে মনোনয়ন পেতে কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার জন্যও সাংসদদের সতর্ক করে দেন। বৈঠক সূত্রে এসব কথা জানা গেছে।সূত্র জানায়, বৈঠকে আগামী নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান কমিটির পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে যে নামের তালিকা চাওয়া হয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে নাম জমা দেওয়া নিয়ে পক্ষ-বিপক্ষে আলোচনা হয়। এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সংসদীয় দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ১৪ দলসহ মহাজোটের সঙ্গে আলোচনা করে অনুসন্ধান কমিটির কাছে নামের তালিকা পাঠানো হবে। এ তালিকা ১৪ দল বা মহাজোটগতভাবে অভিন্ন হতে পারে, আবার ভিন্নও হতে পারে। বেশির ভাগ সাংসদ তাঁকে সমর্থন করেন। তবে কয়েকজন অনুসন্ধান কমিটিতে নাম জমা না দেওয়ার পক্ষে মত দেন।এদিকে বৈঠকে সংসদীয় দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গত তিন বছরের ‘আমলনামা’ বা কর্মকাণ্ড বিবেচনায় নিয়েই আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হবে। এলাকায় গ্রহণযোগ্যতা না থাকলে কাউকে মনোনয়ন দেওয়া হবে না। সূত্র জানায়, সাংসদদের সতর্ক করে শেখ হাসিনা বলেন, সবার আমলনামা তাঁর হাতে রয়েছে। বৈঠক সূত্র জানায়, বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সাংসদদের ‘আমলনামা’ তৈরি করা হয়েছে। এর ভিত্তিতে সাংসদদের কর্মকাণ্ড যাচাই শেষ হলে সভানেত্রী ২৫ জন করে সাংসদ নিয়ে ধারাবাহিক বৈঠক করবেন।