১৪ দলের বৈঠক আজ, সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ার অভিযোগ
পৌরসভা ও সংসদ উপনির্বাচনে আওয়ামী লীগের দল ও জোটগত ঐক্য ছিল নড়বড়ে। কেন্দ্রীয়ভাবে প্রার্থী মনোনয়ন দেওয়া হলেও বেশ কিছু পৌরসভা ও একটি উপনির্বাচনে মহাজোটের একাধিক প্রার্থী মাঠে ছিলেন। ফলে নির্বাচনে আশানুরূপ ফলাফল না হওয়ায় চিন্তিত আওয়ামী লীগ ও শরিক দলের শীর্ষস্থানীয় নেতারা।মহাজোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জোটের ঐক্য বহাল ও সুদৃঢ় করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে ১৪ দলের সমন্বয়ক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে চিঠি দিয়েছেন।এ রকম পরিস্থিতিতে মহাজোটের সঙ্গে সম্পর্ক বাড়ানো ও ঐক্য সুদৃঢ় করতে প্রধান শরিক আওয়ামী লীগ উদ্যোগী হয়েছে। আজ রোববার ১৪ দলের বৈঠক হবে। ১২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক আহ্বান করা হয়েছে। জাতীয় পার্টির সঙ্গেও আওয়ামী লীগের বৈঠক হবে। এসব বৈঠকে পৌরসভা ও দুই উপনির্বাচনের ফলাফল মূল্যায়নের পাশাপাশি পরবর্তী করণীয় নির্ধারণ করা হতে পারে বলে জানা গেছে।সূত্র জানায়, ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে দেওয়া চিঠিতে রাশেদ খান মেনন ১৪ দলের আগের দুই বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ার অভিযোগ করেন। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ও বাহাত্তরের সংবিধান পুনঃপ্রবর্তন নিয়ে জাতীয় কনভেনশন, প্রতি বিভাগে ১৪ দল ও মহাজোটের সমাবেশ, জেলা পর্যায়ে ১৪ দলের ঐক্য কার্যকর করা এবং রাষ্ট্র পরিচালনায় ১৪ দলের অংশগ্রহণ নিশ্চিত করতে জেলা-উপজেলা পর্যায়ে সরকারি কমিটিতে জোটকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত হলেও তা কার্যকর হয়নি। এ ছাড়া খাদ্যসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অব্যাহত বিদ্যুৎ সংকট, শেয়ারবাজার কেলেঙ্কারি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনে হতাশা ও বিক্ষোভের সৃষ্টি হয়েছে। এসব বিষয় মোকাবিলায় ঐক্যবদ্ধ ও সমন্বিত উদ্যোগ দূরে থাক, ন্যূনতম আলোচনাও হয়নি।চিঠিতে মেনন আরও বলেন, ১৪ দল তথা মহাজোটের কার্যকর ঐক্যের অনুপস্থিতি, আওয়ামী লীগের দলীয় একাধিক প্রার্থী ও জনজীবনে সংকটের কারণে জনমনে সৃষ্ট হতাশা ও বিক্ষোভের প্রতিফলন ঘটেছে সাম্প্রতিক পৌর ও উপনির্বাচনে। এসব নির্বাচনের ফলাফল ভবিষ্যতের জন্য যথেষ্ট পরিমাণ সতর্কবার্তা, যা উপেক্ষা করা হবে আত্মঘাতী। জনাব মেনন ১৪ দলের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত কার্যকর এবং ঐক্য সুদৃঢ় করার জন্য চিঠিতে অনুরোধ করেন।সূত্র জানায়, আজ ১৪ দলের বৈঠকে তৃণমূল পর্যায়ে জোটকে সক্রিয় করার বিষয়ে আলোচনা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে ১৪ দলের শরিকদের মধ্যে সমন্বয়ের জন্য একজন সমন্বয়ক করা হতে পারে। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা ও শিক্ষাবিষয়ক কমিটিতে ১৪ দলের শরিকদের নিয়ে কমিটি করা হবে।