১৪ দলের বৈঠকে জোটগত প্রার্থী বাছাইয়ের তাগিদ
জোটগতভাবে প্রার্থী বাছাই শুরু করার তাগিদ দিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দলগুলো।
গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের বৈঠকে এ তাগিদ দেওয়া হয়।
বৈঠকে সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন করার বিষয়ে ১৪ দলের নেতারা একমত পোষণ করেন বলে সংশ্লিষ্ট একধিক সূত্র জানিয়েছে। বৈঠকে ১৪ দল সম্প্রসারণসহ জোটগতভাবে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়। ১৪ দলের নেতারা মানবতবিরোধী অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন।
বৈঠকসূত্র জানায়, জোটের শরিকদের বাদ দিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সফরের সমালোচনা করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, এর আগেও ১৪ দলের কর্মসূচিগুলো বাস্তবায়ন হয়নি। আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আমাদের না নিয়েই নির্বাচনী মাঠে নেমে গেলেন। একসঙ্গে নামলে আরও ভালো হতো।’
আওয়ামী লীগ শরিকদের মূল্যায়ন করছে না বলে অভিযোগ করেন গণতন্ত্রী পার্টির নেতা নূরুর রহমান সেলিম ও ন্যাপের এনামুল হক।
সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া বলেন, আগামী নির্বাচন সামনে রেখে জোট সম্প্রসারণ করতে হবে।
কমিউনিস্ট কেন্দ্রের অসিত বরণ রায় বলেন, বিরোধী দলের সঙ্গে নির্বাচন ইস্যুতে আলোচনায় বসা দরকার। দেশের মানুষ একটা সংলাপ চায়।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী দল সংসদে এসে কথা বলতে পারে। সেটা সংসদের বাইরেও হতে পারে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা খালিদ মাহমুদ চৌধুরী, আবদুর রহমান, মৃণাল কান্তি দাস, সুজিত রায় নন্দী, জাসদের শরীফ নূরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির ফজলে হাসান বাদশা প্রমুখ।