১৪ দলের বৈঠকে দুই প্রতিমন্ত্রীর সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা নিয়ে স্বরাষ্ট্র ও আইন প্রতিমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে ১৪ দলের বৈঠকে। নেতারা বলেছেন, দায়িত্বশীল পদে থেকে দায়িত্বহীন বক্তব্য অনাকাঙ্ক্ষিত-অনভিপ্রেত। গতকাল বুধবার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের বৈঠকে দুই প্রতিমন্ত্রী সম্পর্কে এসব মন্তব্য করা হয়। ১৪ দলের বৈঠকের পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘দায়িত্বশীল পদে থেকে এমন কোনো বক্তব্য দেওয়া উচিত নয়, যাতে রায় বাস্তবায়নে বাধা আসতে পারে। গুরুত্বপূর্ণ দুই মন্ত্রণালয়ের দায়িত্বশীল দুজন যা বলেছেন, তা ঠিক হয়নি। আমরা আশা করি, তাঁরা সতর্ক হবেন।’

বৈঠক সূত্র জানায়, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক কাদের মোল্লার ফাঁসি নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিসহ অনেক দুর্ধর্ষ খুনিদের ফাঁসি দেখেছি। কিন্তু ফাঁসির আগে এ ধরনের আয়োজন করে রায় কার্যকরের কথা বলা হয়নি। সারা দেশে সন্ত্রাস উসকে দেওয়া হয়েছে।’

গণ আজাদী লীগের সভাপতি আবদুস সামাদের সভাপতিত্বে সভায় জাসদের শিরিন আক্তার, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান, অসিত বরণ রায়, গণতন্ত্রী পার্টির শাহাদৎ হোসেন, আওয়ামী লীগের হাছান মাহমুদ, বি এম মোজাম্মেল হক, বদিউজ্জামান ভুঁইয়া, মির্জা আজম, সুজিত রায় নন্দী, আবদুস সোবহান, এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে কাদের মোল্লার রায় কার্যকরের বিষয়ে দুই প্রতিমন্ত্রীর সংবাদ সম্মেলন নিয়ে গতকাল সচিবালয়জুড়ে সমালোচনা হয়েছে। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বলছেন, দুই প্রতিমন্ত্রী নজিরবিহীনভাবে রায় কার্যকরের বিষয়ে কথা বলার জন্য সংবাদ সম্মেলন করেছেন। আগে এ ধরনের ঘটনা ঘটেনি। সচিব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মুখে মুখে ছিল কাদের মোল্লার রায় নিয়ে কথাবার্তা।