বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) চলমান এসএসসি পরীক্ষায় একটি বিষয়ের নির্ধারিত পরীক্ষার তারিখ ২৩ ডিসেম্বর। কিন্তু কেন্দ্রসচিব সেই পরীক্ষা নেন গত শুক্রবার। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের নিকলী উপজেলার নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে। ঘটনা জানাজানি হওয়ার পর কেন্দ্রসচিবকে শোকজ করা হয়েছে।
জানা গেছে, ২৩ ডিসেম্বর ছিল ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ বিষয়ের পরীক্ষা। কিন্তু নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের সচিব ও ওই স্কুলের প্রধান শিক্ষক মো. সাফি উদ্দিন নিকলী থানার হেফাজত থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে শুক্রবার পরীক্ষা নেন। পরীক্ষায় ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১ জন অংশ নেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ ভূঁইয়া জানান, পরীক্ষা ছিল ২৩ ডিসেম্বর। কিন্তু কেন্দ্রসচিব কাউকে না জানিয়ে শুক্রবার ওই বিষয়ের পরীক্ষা নেন। বিষয়টি বাউবির পরীক্ষা নিয়ন্ত্রককে জানানো হয়েছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা বাজিতপুরের ইউএনও ও উপজেলা পরীক্ষা কমিটির সভাপতি ভাস্কর দেবনাথ জানান, প্রধান শিক্ষক দায়িত্বে অবহেলা করেছেন। তাঁকে প্রাথমিকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রাতেই ঘটনার তদন্ত করে প্রাথমিক প্রতিবেদন পাঠানো হয়েছে।
যোগাযোগ করা হলে মো. সাফি উদ্দিন জানান, ওই পরীক্ষার তারিখ ছিল ৯ ডিসেম্বর। পরে পরিবর্তন করে ২৩ ডিসেম্বর করা হয়। এ বিষয়ে বোর্ড থেকে চিঠিও পাঠানো হয়। কিন্তু ভুল করে ৯ ডিসেম্বর পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা কমিটির সভাপতিকে না জানিয়ে প্রশ্নপত্র সংগ্রহের বিষয়ে তিনি সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারেননি।