১৪ দিন না পেরোতেই সেতুর গাইড বাঁধে ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচরের হাজি শরীয়তউল্লাহ সেতুকে ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য গাইড বাঁধ নির্মাণ করা হয়েছিল। দায়িত্ব পাওয়া ঠিকাদারেরা নির্মাণকাজ শেষও করেছিলেন, কিন্তু কাজ শেষ হওয়ার ১৪ দিনের মাথায় নদীতে পানি বৃদ্ধি ও স্রোতের চাপে এ বাঁধের তিনটি স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এখনই ভাঙন ঠেকানোর উদ্যোগ না নিলে ঢাকা-খুলনা মহাসড়কসহ বিস্তীর্ণ এলাকায় ভাঙন দেখা দিতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মাদারীপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরে আড়িয়াল খাঁ নদের ওপর ২০০৫ সালে হাজি শরীয়তউল্লাহ সেতু নির্মাণ করা হয়। ওই সময়ই সেতুর নিচ থেকে উভয় পাড়ে এক কিলোমিটার দীর্ঘ গাইড বাঁধ নির্মাণ করা হয়। ২০০৮ সালে নদীভাঙনে এ বাঁধের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ নির্মাণ করার উদ্যোগ নেয়। ওই উদ্যোগের অংশ হিসেবে গত বছরের ২২ ডিসেম্বর থেকে সেতুর উভয় পাড়ে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। পারিসা কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুর পূর্ব পাড়ে প্রায় ১৭ কোটি ৮১ লাখ টাকা ও মশিউর রহমান চৌধুরী কনস্ট্রাকশন নামে অপর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুর পশ্চিম পাড়ে প্রায় ছয় কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে বাঁধ নির্মাণের কাজ পায়। চলতি বছরের ৩১ মে ঠিকাদারি প্রতিষ্ঠান দুটির কাজ শেষ করার কথা ছিল, কিন্তু তারা ৩০ জুন কাজ শেষ করে।গত শুক্রবার ওই এলাকায় সরেজমিনে দেখা যায়, সেতুর পশ্চিম পাড়ের দুটি স্থানের প্রায় ৬০ মিটার বাঁধ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে ও পূর্ব পাড়ের প্রায় ১০ মিটার বাঁধ ধসে পড়ার উপক্রম হয়েছে। গত ১৪ জুলাই এসব স্থানে ভাঙন দেখা দেয়। শিবচরের বাঁচামরা এলাকার খালেক বলেন, ‘ভাঙন ঠেকাইতে সরকার থিকা এ বছর কোটি কোটি টাহা খরচ করলেও ভালোমতো কাজ না করায় অল্প কয়দিনেই ভাঙতে শুরু করছে।’ মশিউর রহমান চৌধুরী কনস্ট্রাকশনের কর্মকর্তা আ. মান্নান শেখ বলেন, ‘আমরা গত জুন মাসে বাঁধের কাজ শেষ করেছি। নদীর তলদেশে তীব্র ঘূর্ণবান থাকায় বাঁধে ভাঙন দেখা দিয়েছে।’পাউবোর মাদারীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস বলেন, ‘আমরা শিগগিরই ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেব।’