১৪ দিনে পানিতে ডুবে ৯ শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গায় গত নয় মাসে পানিতে ডুবে ১৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দুই সপ্তাহে মারা গেছে নয় শিশু। বিশেষজ্ঞদের মতে, অভিভাবকদের অসাবধানতা ও শিশুদের সাঁতার জানা না থাকায় এসব দুর্ঘটনা ঘটছে।
অনুসন্ধানে দেখা যায়, দুই সপ্তাহে বাড়ির উঠানে নলকূপের জমে থাকা পানিতে একজন এবং পুকুরে ও বাড়ির পাশের ডোবা বা গর্তের পানিতে ডুবে আট শিশুর মৃত্যু হয়। এদের মধ্যে সাতজনের বয়স পাঁচ বছরের নিচে। বাকিদের একজনের বয়স নয় ও অন্যজনের ১২ বছর। এসব মৃত্যুর বেশির ভাগই ঘটেছে সকাল নয়টা থেকে বেলা দুইটার মধ্যে। এ সময়ে শিশুদের বাবারা কর্মস্থলে এবং মায়েরা সাংসারিক কাজে ব্যস্ত থাকেন। তাঁদের অসাবধানতার কারণে অনেক ক্ষেত্রে শিশুরা দুর্ঘটনার শিকার হচ্ছে।
একাধিক প্রত্যক্ষদর্শী ও অভিভাবকদের সঙ্গে আলাপ এবং ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে, প্রতিবছর জেলায় সেপ্টেম্বর মাসে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা বেশি ঘটে। ২০১২ সালের সেপ্টেম্বরে পাঁচজন ও ২০১৩ সালের সেপ্টেম্বরে তিন শিশুর মৃত্যু হয়। এ সময় বর্ষায় জমে থাকা পানির প্রতি আকৃষ্ট হয় অনেক শিশু। পানিতে নেমে খেলতে গিয়ে দুর্ঘটনা ঘটে। অনেক সময় শিশুরা কাদামাটিতে পা পিছলে ডোবা বা পুকুরে পড়ে যায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিভাগের পরামর্শক মাহবুবুর রহমান বলেন, পানিতে ডুবে শিশুমৃত্যুর প্রধান কারণ সাঁতার না জানা। পানিতে ডোবার পর সে ভয়ে হাত-পা ছোড়ে, বাঁচানোর জন্য কাউকে ডাকার চেষ্টা করে। সে সময় শ্বাসনালীতে পানি ঢুকে শ্বাস বন্ধ হয়ে শিশুটি মারা যায়।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, পানিতে ডুবে যাওয়া শিশুকে অনেক সময় উদ্ধার করা হলেও শুধু অজ্ঞতার কারণে বাঁচানো যায় না। এ জন্য ডুবে যাওয়া শিশুকে দ্রুত উদ্ধার করে শুকনো স্থানে নিয়ে আসতে হবে। ভেজা কাপড় খুলে গরম কাপড় দিয়ে পুরো শরীর ঢেকে দিতে হবে। কাত করে শুইয়ে দিয়ে পিঠে আস্তে আস্তে চাপড় দিয়ে পানি বের করার চেষ্টা করতে হবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক না হলে ও নাড়ির গতি ঠিক না থাকলে মুখের সঙ্গে মুখ লাগিয়ে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দিতে হবে। যদি সে বমি করতে চায়, তাহলে বমি করার সুযোগ দিতে হবে। বমি করানোর সময় তাকে কাত করে ধরতে হবে। এতে ভেতরের পানি বেরিয়ে যাবে। ডুবে যাওয়া শিশুরা ভয়ে-আতঙ্কে অনেক সময় মারা যায়। এ জন্য শিশুকে উদ্ধারের পর অভয় দিতে হবে। এরপর যত দ্রুত সম্ভব নিকটবর্তী হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে হবে।
চুয়াডাঙ্গার সীমান্ত সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক মানিক আকবর বলেন, সারা দেশে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সাঁতার শেখা ও নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করা হলেও চুয়াডাঙ্গায় দীর্ঘদিন ধরেই তা বন্ধ। আবার বেসরকারি উদ্যোগে কোনো রকমে চালু থাকলেও অভিভাবকদের সেদিকে আগ্রহ নেই।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, জেলায় সরকারি বা বেসরকারিভাবে কোনো সুইমিংপুল নেই। সাঁতার কাটার মতো কোনো জলাশয় বা পুকুরও নেই। দামুড়হুদা উপজেলার জয়রামপুরের দীঘিতে মাঝেমধ্যে সাঁতার প্রশিক্ষণের আয়োজন করা হয়। কিন্তু সেভাবে সাড়া মেলেনি।