রাজধানীর শাহবাগে আজিজ কো–অপারেটিভ সুপার মার্কেটে প্রকাশক হত্যা ও লালমাটিয়ায় প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা করে তিনজনকে আহত করার ১৪ দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গত ৩১ অক্টোবর জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে শাহবাগের আজিজ সুপার মার্কেটে নিজ কার্যালয়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় শাহবাগ থানায় হওয়া হত্যা মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, ডিবি পুলিশ ফয়সল হত্যায় জড়িত সন্দেহে একজনকে শনাক্ত করার কথা বলেছে। ৭ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও হত্যাকাণ্ডে একজনকে শনাক্ত করার কথা জানিয়েছিলেন। ফয়সল হত্যার কাছাকাছি সময় ওই দিনই লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে প্রকাশনা সংস্থাটির মালিক আহমেদুর রশীদ ওরফে টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
ফয়সল হত্যা ও শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের বলে জানিয়েছিলেন ডিএমপি কমিশনারের মুখপাত্র ও যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম। তবে হত্যার ১৪ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানতে চাইলে গত শুক্রবার রাতে মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার (দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ বলেন, আজিজ সুপার মার্কেটের ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসি) ভিডিও ফুটেজ দেখে সন্দেহভাজন কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে আহত আহমেদুর রশীদের অবস্থার উন্নতি হওয়ায় কয়েক দিন আগে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় আহত লেখক রণদীপম বসু ও তারেক রহিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখনো চিকিৎসাধীন। তাঁদের অবস্থা উন্নতির দিকে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।