সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের ১৪ দিনেও হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ায় পরিবার হতাশ হয়ে পড়েছে। পুলিশ এই হত্যার উদ্দেশ্য ও কারণ গতকাল মঙ্গলবার পর্যন্ত উদ্ঘাটন করতে পারেনি।
মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তসংশ্লিষ্ট সূত্র বলেছে, ধর্মীয় মতাদর্শ নিয়ে বিরোধের বিষয়টি সামনে রেখে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। এ ছাড়া হজে লোক পাঠানো, পারিবারিক সমস্যা ও ব্যবসায়িক দ্বন্দ্বের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ মামলায় শেরেবাংলা নগর থানার পুলিশ এক নারীসহ যে তিনজনকে গ্রেপ্তার করেছিল, হত্যাকাণ্ডে তাঁদের কোনো সংশ্লিষ্টতা পওয়া যায়নি। দুই দফা রিমান্ড শেষে তাঁরা এখন কারাগারে।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, ফারুকীর মুঠোফোনের কললিস্টের সূত্র ধরে তদন্ত চলছে। খুনিদের শনাক্ত করতে সাধ্যমতো চেষ্টা চলছে। আদালতে বেসরকারি টেলিভিশনের ধর্মীয় অনুষ্ঠানের ছয় উপস্থাপক ও আলোচকের বিরুদ্ধে যে নালিশি মামলা হয়েছে, তদন্তে তা-ও বিবেচনায় রাখা হয়েছে।
ফারুকীর ছেলে ও মামলার বাদী ফয়সাল ফারুকী বিকেলে বলেন, এত দিনেও প্রকৃত খুনিরা ধরা না পড়ায় তাঁদের পরিবার হতাশ হয়ে পড়েছে। তিনি জানান, মতাদর্শের বিরোধীরাই তাঁর বাবাকে খুন করেছে। তাঁদের পরিবারে কোনো সমস্যা নেই। হজে লোক পাঠানো কিংবা ব্যবসা নিয়ে তাঁর বাবার সঙ্গে কারও কোনো দ্বন্দ্বও ছিল না।
গত ২৭ আগস্ট রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারের নিজ বাসায় নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
নালিশি মামলার তদন্ত শুরু হয়নি: ফারুকী হত্যার ঘটনায় ইসলামী ফ্রন্টের সহযোগী সংগঠন ছাত্রসেনার এক নেতা বেসরকারি টেলিভিশনের ছয় উপস্থাপক ও আলোচকের বিরুদ্ধে ৫ সেপ্টেম্বর আদালতে যে নালিশি মামলা করেন, গতকালও তার তদন্ত শুরু হয়নি।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আবদুল মমীন বলেন, নালিশি অভিযোগটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করতে আদালত তাঁকে নির্দেশ দিয়েছেন। এর আগে এই হত্যার ঘটনায় থানায় হওয়া মামলাটি তদন্ত করছে ডিবি পুলিশ। একই ঘটনায় দুটি মামলা হওয়ার বিধান নেই। তাই ওই নির্দেশ সংশোধনের জন্য আদালতে আবেদন করা হয়েছে। সংশোধিত আদেশ থানায় এলে নালিশি দরখাস্তটি ডিবি কার্যালয়ে পাঠানো হবে। ডিবি তা হত্যা মামলার সঙ্গে সংযুক্ত করে তদন্ত করবে।