তুরাগ ও বালু নদের সীমানা ১৪ দিনের মধ্যে চিহ্নিত করে সীমানাখুঁটি (পিলার) নির্মাণ কার্যক্রম শুরু করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
গত ১৭ জুলাই তুরাগ ও বালু নদের প্রকৃত সীমানায় সাত দিনের মধ্যে সীমানাখুঁটি স্থাপনের কার্যক্রম শুরু করার নির্দেশনা চেয়ে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড িপস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে আবেদনটি করা হয়। গতকাল আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।
পরে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ভরা মৌসুমে (বর্ষাকাল) ১৪ দিনের মধ্যে ওই দুটি নদীর সীমানা চিহ্নিত করে পিলার নির্মাণ কার্যক্রম শুরু করতে নির্দেশ দিয়েছেন আদালত। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন ১৫ সেপ্টেম্বরের মধ্যে দাখিল করতে পরিকল্পনাসচিব, পরিবেশসচিব, অর্থসচিব, নারায়ণগঞ্জ ও গাজীপুরের জেলা প্রশাসক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের বলা হয়েছে।
রাজধানী ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু—এই চার নদ-নদী রক্ষায় এইচআরপিবি একটি রিট করেছিল। রিটের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ২৫ জুন হাইকোর্ট নদ-নদীগুলোর সীমানা নির্ধারণসহ সীমানায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদসহ কয়েক দফা নির্দেশনা দিয়ে রায় দেন। রায়ে ওই বছরের ৩০ নভেম্বরের মধ্যে সিএস রেকর্ড অনুযায়ী চার নদ-নদীর সীমানা নির্ধারণ, নদীর সীমানা নির্ধারণী পাকা খুঁটি (পিলার) স্থাপন, নদীর তীরে হাঁটার পথ নির্মাণ এবং বনায়ন করতে বলা হয়। আরও বলা হয়, বিষয়টি চলমান পর্যবেক্ষণে থাকবে। এর ধারাবাহিকতায় ১৭ জুলাই ওই আবেদনটি করা হয়।