১৪ দিনের মাথায় মায়ের কোলে মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার গুলিবিদ্ধ মা নাজমা বেগম আজ বুধবার প্রথমবার মেয়েকে কোলে নিয়েছেন। কোলে নিয়ে বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করেছেন। এই সময় মায়ের মুখে ছিল হাসির ঝিলিক।

আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতকদের নিবিড় কেন্দ্রে মেয়েকে দেখতে আসা মায়ের মুখে হাসি দেখে তা ছড়িয়ে যায় চিকিৎসকদেরও মুখে। হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক কানিজ হাসিনা স্বস্তির নিশ্বাস ফেলে বলেন, ‘মেয়েকে মায়ের কোলে তুলে দিতে পেরেছি, এটি খুবই আনন্দদায়ক ঘটনা।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর থেকে গুলিবিদ্ধ নাজমা বেগমের মেয়ের নাম ছিল ‘বেবি অব নাজমা’। বর্তমানে বাবা বাচ্চু ভূঁইয়া তাঁর আরেক মেয়ে সুমাইয়ার নামের সঙ্গে মিল রেখে মেয়ের নাম রেখেছেন সুরাইয়া।
বাচ্চু ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘মেয়ের মা মেয়েকে দেখে খুব খুশি হইছে। বুকের দুধও খাওয়াইছে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবিদ হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, ‘মা ও মেয়ের অবস্থা আগের চেয়ে ভালো। তবে এখনই মেয়েকে শঙ্কামুক্ত বলা যাবে না।’ আবিদ হোসেন মোল্লা সুরাইয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় ২৩ জুলাই ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন অন্তঃসত্ত্বা নাজমা বেগম। গুলি মায়ের পেটের শিশুর শরীরও এফোঁড়-ওফোঁড় করে ফেলে। গুলিবিদ্ধ হয়ে ও বোমায় আহত হন নাজমা বেগমের চাচাশ্বশুর মমিন ভূঁইয়া। পরদিন তিনি মারা যান।