১৪ দোকােন অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে গত মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডে সিনারী বাজারের ১৪টি দোকান পুড়ে গেছে। আলীকদমে ও পার্শ্ববর্তী লামা উপজেলায় অগ্নিনির্বাপণের কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় এলাকার লোকজনের চেষ্টায় আগুন নেভানো হয়েছে বলে গতকাল চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সিনারী বাজারে রাত দুইটার দিকে আগুন লাগে। একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা ছড়িয়ে পড়ে। ভোররাতে ঘুমন্ত মানুষ আগুন নেভাতে এগিয়ে আসার আগেই ১৪টি দোকান পুড়ে গেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন, আলীকদম উপজেলায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই। পার্শ্ববর্তী লামা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হলেও এখনো চালু হয়নি। এ জন্য কোথাও আগুন লাগলে স্থানীয় লোকজনের প্রচেষ্টায় নেভানো ছাড়া কোনো উপায় নেই। স্থানীয় লোকজন এগিয়ে না এলে সিনারী বাজারের প্রায় ১৫০টি দোকানের সব কটি পুড়ে যেত।