১৪ নবজাতকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্বাসকষ্টজনিত রোগে গত পাঁচ দিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ নবজাতকের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এ ধরনের সমস্যায় নবজাতকের মৃত্যুর হার বেড়ে গেছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, গত পাঁচ দিনে মারা যাওয়া ১৪ নবজাতকই শ্বাসকষ্টজনিত রোগে মারা গেছে। তবে সেই সঙ্গে সূত্রটি এও জানায়, দুই মাস আগে অক্টোবরের ২৫ থেকে ২৯ তারিখ পর্যন্ত পাঁচ দিনে এ ওয়ার্ড দুটিতে নবজাতক মারা গেছে ছয়জন। তখন শীতের প্রকোপ তেমন একটা ছিল না। এ ছাড়া হাসপাতালে নবজাতকের স্বাভাবিক মৃত্যুর হার গড়ে প্রতিদিন এক থেকে দুজনেই সীমাবদ্ধ থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একজন চিকিৎসক জানান, শীতের প্রকোপ বাড়লে নবজাতকেরা শ্বাসকষ্টে বেশি ভোগে।
এ সময় তাদের উষ্ণতার প্রয়োজন। কিন্তু প্রয়োজনীয় উষ্ণতা না পেলেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়। তাই শীতকালে নবজাতকসহ শিশুমৃত্যুর হার কিছুটা বাড়ে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে দুটি শিশু ওয়ার্ড আছে। এ দুটি ওয়ার্ডের ৭৫টি শয্যা থাকলেও গত রোববার ১০৯টি শিশু ভর্তি হয়েছে। এদের বয়স এক দিন থেকে তিন বছর।
শয্যাসংখ্যার চেয়ে বেশিসংখ্যক শিশু ভর্তি হওয়ায় কোনো কোনো শয্যায় দুটি করে শিশুকেও থাকতে হচ্ছে। শীতের আগে শিশু ওয়ার্ডে এত রোগী দেখা যায়নি বলে চিকিৎসক ও সেবিকারা জানান। শীত যতই বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যাও তত বাড়ছে। শুষ্ক আবহাওয়ার কারণে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত শিশু রোগীর সংখ্যাই বেশি।
হাসপাতালে গত রোববার রংপুরের মিঠাপুকুরের আনিসা বেগম তাঁর এক মাসের শিশু এবং গঙ্গাচড়া উপজেলার জমিলা খাতুন ১৫ দিনের শিশুসন্তানকে নিয়ে ভর্তি হয়েছেন। তাঁরা জানান, প্রচণ্ড শীতে তাঁদের নবজাতকেরা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসেন। এখানে ভর্তি হওয়ার পর এখন শিশু দুটি কিছুটা সুস্থ।
শিশু ওয়ার্ডের রেজিস্ট্রার কামরুজ্জামান বলেন, এ সময়ে প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকা এবং মায়েদের অসচেতনতায় অনেক নবজাতকই শীতজনিত শ্বাসকষ্টে ভোগে। হাসপাতালেও নবজাতকসহ শিশু রোগীর সংখ্যা বেড়ে যায়।
হাসপাতালের পরিচালক রেজাউল করিম বলেন, ভর্তি হওয়া শিশু ও নবজাতকদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।