১৪ ফেব্রুয়ারি সড়ক পরিষ্কারের আহ্বান সাঈদ খোকনের
আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে নগরকে ভালোবেসে সবাইকে সড়ক পরিষ্কারে নামার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
আজ রোববার দুপুরে রাজধানীর নগর ভবনের সেমিনার কক্ষে এক করপোরেশন সভায় মেয়র সাঈদ খোকন এ আহ্বান জানান। ২৬টি সেবাদানকারী সংস্থা প্রধান ও প্রতিনিধিদের নিয়ে ‘ঢাকা ক্লিন-২০১৬’ শীর্ষক স্লোগানে এ করপোরেশন সভার আয়োজন করে ডিএসসিসি।
সাঈদ খোকন বলেন, ‘আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এই দিন সবাই পরিবার ও প্রিয়জনকে ভালোবাসার জন্য নিজেকে উজাড় করে দেয়। ঠিক একইভাবে ওই দিন নগরকে ভালোবেসে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সবাইকে নগরের রাস্তা-ঘাট পরিষ্কারে নেমে আসার আহ্বান জানাই। ১৪ ফেব্রুয়ারি হবে নগরকে ভালোবাসার বহিঃপ্রকাশ।’
সাঈদ খোকন আরও বলেন, ‘নগর পরিষ্কারে জনসচেতনতা বাড়াতে একদিন সাদা শার্ট পরে সবাইকে অফিস করার আহ্বান জানাই। তবে কবে সাদা শার্ট পরতে হবে, তা পরে জানানো হবে। এর আগে ১৪ ফেব্রুয়ারিকে সামনে রেখে সবাইকে প্রস্তুতি নিতে হবে।’
ডিএসসিসির মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে করপোরেশন সভায় র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আসাদুজ্জামান, রাজধানী উন্নয়ন করপোরেশনের (রাজউক) চেয়ারম্যান জিএম জয়নাল আবেদীন ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন। এতে ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।