১৪ বছর আগে নিখোঁজ নারীর হাড়গোড় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী থেকে ১৪ বছর আগে নিখোঁজ নুরুন্নাহার বেগম নামের এক নারীর হাড়গোড় উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের উপস্থিতিতে পুলিশ উপজেলার কুশুল্লারবাগ গ্রামের একটি খেত থেকে ওই হাড়গোড় উদ্ধার করে। এর আগে ওই নারীকে হত্যার অভিযোগে মামলা করা হয়।
উদ্ধারের পর হাড়গুলো সোনাইমুড়ী থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সেগুলো আজ বুধবার নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার নিখোঁজ ওই নারীর মৃত্যুর রহস্য জানাজানি হয়। সোমবার ওই নারীর ছেলে নুরুল ইসলাম হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ এজাহারভুক্ত আসামি সামছুন্নাহার বেগম (৪৮) ও তাঁর মা মনোয়ারা বেগমকে (৭০) গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনোয়ারা বেগম নুরুন্নাহার বেগমের মৃত্যুর ঘটনা বর্ণনা করেন এবং কারা কীভাবে ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত, তার বর্ণনা দেন। মনোয়ারা ও সামছুন্নাহারের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল গর্ত খুঁড়ে হাড়গোড় উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, মাথার খুলিসহ শরীরের বেশির ভাগ হাড়ই উদ্ধার করা গেছে। গর্তে পাওয়া রুপার চুড়ি দেখে বোঝা যায়, উদ্ধার করা হাড়গোড় নারীর।
নুরুল ইসলাম এজাহারে উল্লেখ করেন, তাঁর মা নুরুন্নাহার বেগম বাবার বাড়ির সম্পত্তি বিক্রির দুই লাখ ৩০ হাজার টাকা ব্যবসার জন্য একই এলাকার নুরুল আমিনকে ধার দেন। কথা ছিল, বিনিময়ে প্রতিবছর তাঁর মাকে ৩০ মণ ধান দেওয়া হবে। কিন্তু কথা অনুযায়ী ধান না দেওয়ায় নুরুল আমিনের সঙ্গে তাঁর মায়ের কথা-কাটাকাটি হয়।
নুরুল ইসলামের অভিযোগ, তাঁর মা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে নুরুল আমিন তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। এ ঘটনার কিছুদিন পর ২০০০ সালের ৫ জানুয়ারি সকাল ছয়টার পর তাঁর মা নুরুন্নাহার বেগম নিখোঁজ হন।
এজাহারে উল্লেখ করা হয়, রোববার জায়গাজমি নিয়ে ঝগড়ার একপর্যায়ে মনোয়ারার পুত্রবধূ সেলিনা আক্তার ও আছমা আক্তার বাড়ির অন্য লোকজনের সামনে বলেন, তাঁদের ননদ সামছুন্নাহার বেগম ও তাঁর স্বামী নুরুল আমিন, শাশুড়ি মনোয়ারা বেগম, শ্বশুর মৃত সৈয়দ আলীসহ পরিবারের সদস্যরা মিলে নুরুন্নাহার বেগমকে হত্যা করে লাশ গুম করেছেন।
পরে মনোয়ারা বেগম নিজেই স্থানীয় লোকজনকে লাশ গুম করে রাখা জায়গাটি দেখান।
সোমবার সন্ধ্যায় সোনাইমুড়ী থানায় মনোয়ারা বেগম নিখোঁজ নুরুন্নাহারের লাশ গুম করে রাখার কথা স্বীকার করলেও তাঁকে হত্যা করা হয়নি বলে দাবি করেন। তাঁর দাবি, তাঁদের জমিতে মাছ ধরার জন্য বৈদ্যুতিক তার টাঙানো হলে ভোরে নুরুন্নাহার সেখানে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর তাঁরা ভয়ে বিষয়টি কাউকে না জানিয়ে লাশ বাড়ির পাশে খেতে গর্ত করে পুঁতে রাখেন। তবে পুরো ঘটনাটি তাঁর প্রবাসী ছেলে রইছ উদ্দিন ও মৃত স্বামী সৈয়দ আলী করেছেন বলে দাবি করেন মনোয়ারা।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, উদ্ধার করা হাড়গোড় নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। সেখানকার কর্মকর্তারা প্রয়োজনীয় উচ্চতর পরীক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার মা-মেয়েকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।